জলবায়ু বিপর্যয় মোকাবেলায় কার্বন নিঃসরণ কমানোর প্রতি জোর দেয়া হচ্ছে। জীবাশ্ম জ্বালানি থেকে বের হয়ে পরিবেশবান্ধব প্রযুক্তির দিকে ঝুঁকছে শিল্প-কারখানা থেকে শুরু করে সব ধরনের পরিবহন খাত। সম্প্রতি এভিয়েশন খাতেও এমন প্রবণতা লক্ষ করা গেছে। তবে যুক্তরাজ্যের এভিয়েশন শিল্পের প্রতিনিধিত্বকারী একটি দল জানিয়েছে, উড়োজাহাজ ভ্রমণকে কার্বনমুক্ত করার চেষ্টা টিকিটের দাম বাড়িয়ে দেবে। এতে যাত্রী সংখ্যা কমার শঙ্কা রয়েছে। খবর বিবিসি।

সাসটেইনেবল এভিয়েশনের মতে, পরিবেশবান্ধব তথা কার্বন নিঃসরণমুক্ত জ্বালানি ব্যবহারে খাতটির পরিষেবা মূল্য বাড়াবে। এ ব্যবস্থাগুলো নিশ্চিতভাবেই যাত্রীদের চাহিদা কমাবে। তবে এর ভিন্ন চিত্রও রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, সাসটেইনেবল এভিয়েশন ফুয়েল (এসএএফ) বা পরিবেশ বান্ধব জ্বালানি খাতটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ হবে। ২০৫০ সালের মধ্যে যুক্তরাজ্যের ফ্লাইটে ব্যবহৃত জ্বালানির কমপক্ষে তিন-চতুর্থাংশে এটি ব্যবহার হবে।

কৃষি বর্জ্যের মতো পরিবেশবান্ধব উৎস থেকে এ জ্বালানি উৎপাদিত হয় এবং প্রচলিত জেট জ্বালানির তুলনায় ৭০ শতাংশ কার্বন নিঃসরণ কমায়। তবে বর্তমানে এ ধরনের জ্বালানি উৎপাদন বেশ কয়েক গুণ বেশি ব্যয়বহুল।