এক দশকের মধ্যে ২০১৮ সালে আর্জেন্টিনা থেকে সবচেয়ে বেশি সূর্যমুখী তেল রফতানি হয়েছিল। তবে গত বছর দেশটি থেকে পণ্যটির রফতানিতে ধস নেমেছে। এ সময় আর্জেন্টিনা থেকে সূর্যমুখী তেল রফতানি এক-চতুর্থাংশের বেশি কমে সাত লাখ টনের নিচে নেমে এসেছে। খবর এগ্রিমানি।

মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে আর্জেন্টিনার রফতানিকারকরা সব মিলিয়ে ৬ লাখ ৯০ হাজার টন সূর্যমুখী তেল রফতানি করেছেন, যা আগের বছরের তুলনায় ২৬ দশমিক ৬০ শতাংশ কম।

এর আগের বছর দেশটির ইতিহাসে সবচেয়ে বেশি ৯ লাখ ৪০ হাজার টন সূর্যমুখী তেল রফতানি হয়েছিল, যা আগের বছরের তুলনায় ২০ দশমিক ৫ শতাংশ বেশি। সেই হিসাবে ২০১৮ সালের তুলনায় গত বছর দেশটি থেকে সূর্যমুখী তেল রফতানি কমেছে ২ লাখ ৫০ হাজার টন। ইউক্রেন ও রাশিয়ার পর আর্জেন্টিনা বিশ্বের তৃতীয় শীর্ষ সূর্যমুখী তেল রফতানিকারক দেশ।