চিকিৎসা খাতে আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠছে দুবাই। ২০২২ সালে দেশটিতে ৬ লাখ ৭৪ হাজার মানুষ ভ্রমণ করেছে শুধু চিকিৎসা জন্য। পর্যটকদের ব্যয় ছিল ৯৯ কোটি ২০ লাখ দিরহাম বা ২৭ কোটি ডলার। এক বছর আগের চেয়ে চিকিৎসা খাতে পর্যটকদের ব্যয় বেড়েছে ২৬ কোটি ২০ লাখ দিরহাম। খবর দ্য ন্যাশনাল। 

দুবাই স্বাস্থ্য কর্তৃপক্ষের (ডিএইচএ) দেয়া বিবৃতি অনুযায়ী, আরব আমিরাতে চিকিৎসার জন্য আসা ৩৯ শতাংশই এশিয়ার নাগরিক। ইউরোপ ও কমনওয়েলথভুক্ত দেশগুলো থেকে এসেছে ২২ শতাংশ। আরব ও উপসাগরীয় দেশ থেকে আগত পর্যটকের সংখ্যা ২১ শতাংশ। আলপেন ক্যাপিটালের প্রাক্কলন অনুসারে, উপসাগরীয় অঞ্চলে স্বাস্থ্যসেবা খাতে ব্যয় ২০২৭ সাল নাগাদ ১৩ হাজার ৫৫০ কোটিতে দাঁড়াবে। বার্ষিক প্রবৃদ্ধির হার দাঁড়াবে ৫ দশমিক ৪ শতাংশে।