জমকালো আয়োজনে শেষ হয়েছে দেশের অন্যতম বৃহৎ ফোক রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা ২০২৫’। সান ফাউন্ডেশনের উদ্যোগে ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় সাভারের আশুলিয়ার এইজিস ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত গ্র্যান্ড ফিনালে থেকে চ্যাম্পিয়ন হয়েছেন গাজীপুরের সোহাগ নূরী।

২০১৩ সালে যাত্রা শুরু করা ম্যাজিক বাউলিয়ানা। লোকসংগীতের সংরক্ষণ ও নতুন প্রজন্মের মধ্যে জনপ্রিয়তা বৃদ্ধির লক্ষ্য নিয়ে এবারের পঞ্চম আসর আয়োজিত হয়। আগস্টে শুরু হওয়া এবারের আয়োজনে অনলাইন ও অফলাইন রেজিস্ট্রেশনে অংশ নেন প্রায় ৪০ হাজার প্রতিযোগী। বাছাই প্রক্রিয়া শেষে সেরা পাঁচজন গ্র্যান্ড ফিনালে প্রতিদ্বন্দ্বিতা করেন।

ফাইনালে প্রথম রানার-আপ হয়েছেন জামালপুরের মেহজাবিন মোবাশ্বেরা আর দ্বিতীয় রানার-আপ নওগাঁর এনামুল হক মধু। চ্যাম্পিয়ন সোহাগ নূরী পেয়েছেন ৫ লাখ টাকা, প্রথম ও দ্বিতীয় রানার-আপ পেয়েছেন যথাক্রমে ৩ লাখ ও ২ লাখ টাকা। বাকি দুই ফাইনালিস্ট প্রত্যেকে পেয়েছেন ৫০ হাজার টাকা করে বিশেষ পুরস্কার।

অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন বাউল শফি মন্ডল, নিগার সুলতানা সুমি ও পার্থ বড়ুয়া। বিশেষ পরিবেশনা ও লালনকন্যা ফরিদা পারভীনের প্রতি শ্রদ্ধা নিবেদন ছিল আয়োজনের উল্লেখযোগ্য অংশ। ক্রিয়েটিভ ও ইভেন্ট পার্টনার ছিল মিডিয়াকম লিমিটেড আর সম্প্রচার সহযোগী মাছরাঙা টেলিভিশন।

-বিজ্ঞপ্তি