এনসিটি (নিউমুরিং কনটেইনার টার্মিনাল) পরিচালনায় আন্তর্জাতিক অপারেটর ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাবেও ইতিবাচক সম্ভাবনা রয়েছে। তবে শ্রমিকদের উদ্বেগ, প্রতিযোগী দেশের সুবিধা এবং জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। চট্টগ্রাম বন্দরে গতকাল এনসিটি ৫ জেটি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

নৌ-পরিবহন মন্ত্রী বলেন, ‘এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাবে সম্ভাবনা আছে, আবার কিছু প্রতিবন্ধকতাও রয়েছে। আমরা বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করছি।’

তিনি বলেন, ‘শ্রমিকদের চলমান আন্দোলনের পেছনেও কিছু যৌক্তিকতা রয়েছে। তাদের দাবির ন্যায্যতা আমলে নিয়েই রাষ্ট্রের স্বার্থ নিশ্চিত করতে হবে। কেউ যাতে বঞ্চিত না হয়, সেদিকে লক্ষ্য রেখে সমাধানে পৌঁছাতে চাই।’

চট্টগ্রাম বন্দরে নতুন কিছু প্রকল্প পিপিপি পদ্ধতিতে শুরু করার পরিকল্পনার কথাও জানান নৌ-পরিবহন মন্ত্রী। পাশাপাশি ল্যান্ডলর্ড মডেল বাস্তবায়নে আন্তর্জাতিক পর্যায়ের কিছু প্রতিষ্ঠানের আগ্রহ রয়েছে। এসব প্রতিষ্ঠান বিনিয়োগের পাশাপাশি প্রযুক্তিগত সহায়তা দিতে চায়, যা কনটেইনার টার্মিনাল পরিচালনায় দক্ষতা বাড়াতে সহায়ক হতে পারে।

ওটিএম বা জিটুজি পদ্ধতি নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এসবই প্রতিষ্ঠিত প্রক্রিয়া। কোন মডেলটি দেশের জন্য সবচেয়ে উপযোগী হবে, সেটি বিবেচনা করেই সিদ্ধান্ত নেয়া হবে।’

উল্লেখ্য, দায়িত্ব গ্রহণের পর প্রথমবার চট্টগ্রাম সফরে এসে দেশের প্রধান সমুদ্রবন্দরের কার্যক্রম সরজমিনে পরিদর্শন করেন নৌ-পরিবহন মন্ত্রী। এ সময় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, সচিব, বন্দর চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট খাতের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।