পণ্য রফতানি বৃদ্ধি ও বাণিজ্য ঘাটতি কমার ক্ষেত্রে একই মাসে রেকর্ড গড়েছে তুরস্ক। দেশটি গত মাসে রেকর্ড ২ হাজার ২১০ কোটি ডলারের পণ্য রফতানি করেছে, যা ২০২৩ সালের আগস্টের তুলনায় ২ দশমিক ৪ শতাংশ বেশি। একই সময়ে বাণিজ্য ঘাটতি ৩৪ মাসের মধ্যে সর্বনিম্নে পৌঁছেছে। এসব তথ্য জানিয়েছেন তুরস্কের বাণিজ্যমন্ত্রী ওমের বোলাত। খবর আনাদোলু।
এক ঘোষণায় সোমবার তিনি আরো জানান, রেকর্ড-ব্রেকিং রফতানির পাশাপাশি একই মাসে তুরস্কের বাণিজ্য ঘাটতির পরিমাণ উল্লেখযোগ্য হারে কমে এসেছে। এ সময় ঘাটতির পরিমাণ ছিল ৪৯০ কোটি ডলার, যা ৩৪ মাসের মধ্যে সর্বনিম্ন। এছাড়া ২০২৩ সালের একই সময়ের তুলনায় আগস্টে বাণিজ্য ঘাটতি কমেছে ৪৩ দশমিক ৪ শতাংশ, যা দেশটির বাণিজ্যে ভারসাম্য আসার লক্ষণ বলে জানান মন্ত্রী।
বাণিজ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্যানুযায়ী, গত মাসে তুরস্কের আমদানি ২০২৩ সালের আগস্টের তুলনায় ১০ দশমিক ৮ শতাংশ কম হয়েছে। এ বাবদ লেনদেন হয়েছে ২ হাজার ৬৯৯ কোটি ডলার। অন্যদিকে সর্বশেষ ১২ মাসে দেশটি ২৬ হাজার ১৯৭ কোটি ডলারের পণ্য রফতানি করেছে, যা এর আগের ১২ মাসের তুলনায় ৩ দশমিক ৫ শতাংশ বেশি। এছাড়া একই সময়ে আমদানির পরিমাণ ৮ দশমিক ৪ শতাংশ কমে হয়েছে ৩৪ হাজার ৬০ কোটি ডলার।
দেশটির বাণিজ্য মন্ত্রণালয় আরো জানায়, বছরের প্রথম আট মাসে (জানুয়ারি-আগস্ট) ২০২৩ সালের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৯ শতাংশ বেড়ে তুরস্ক ১৭ হাজার ৮০ কোটি ডলারের পণ্য রফতানি করেছে। অন্যদিকে আমদানির পরিমাণ কমেছে ৮ দশমিক ৭ শতাংশ। এ সময় আমদানি হয়েছে ২২ হাজার ৫৬৬ কোটি ডলারের পণ্য।
আমদানি-রফতানির পরিসংখ্যান প্রকাশকালে সামগ্রিক বৈদেশিক বাণিজ্য নিয়ে সন্তোষ জানিয়েছেন মন্ত্রী ওমর বোলাত। তিনি জানান, তুরস্কের বাণিজ্যিক পরিসংখ্যানে ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে।
বিশেষ করে বাণিজ্য ঘাটতি হ্রাস দেশের অর্থনীতিকে স্থিতিশীল করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অর্জন।










