চিপ সংকটের মুখোমুখি হতে যাচ্ছে বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) নির্মাতারা। যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্য বিরোধের ফলে চীন কাঁচামাল রফতানি সীমিত করেছে, যার প্রভাবে চিপ সংকট দেখা দিতে পারে। সম্প্রতি এমন আশঙ্কা প্রকাশ করেছে ফেডারেশন অব থাই ইন্ডাস্ট্রিজ (এফটিআই)। খবর ব্যাংকক পোস্ট।

প্রকাশিত প্রতিবেদন বলা হয়েছে, ১ আগস্ট থেকে বেইজিং চিপ ও ইভি শিল্পে ব্যবহৃত গ্যালিয়াম ও জার্মেনিয়াম পণ্য রফতানি সীমিত করে দিয়েছে। ফলে বিশ্বব্যাপী সরবরাহ চেইনে ঘাটতি দেখা দিতে পারে। ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ আরো তীব্র হতে পারে বলে মনে করা হচ্ছে। চীন সরকার বলেছে, জাতীয় নিরাপত্তা রক্ষার লক্ষ্যে এই বাণিজ্য নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। তবে বিশ্লেষকরা একে চীনের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সিদ্ধান্তের পাল্টা জবাব বলে মনে করেন।

মার্চ থেকে থাইল্যান্ডে চিপের ঘাটতি স্বাভাবিক হতে শুরু করলে গাড়ি নির্মাতারা দুশ্চিন্তা থেকে মুক্ত হন। কিন্তু চীনের এই নিষেধাজ্ঞা ব্যবসায়ীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে। এফটিআইর চেয়ারম্যান ক্রিয়েংক্রাই থিয়েনুকুল বলেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য যুদ্ধের পাশাপাশি চীন-তাইওয়ানের ভূ-রাজনৈতিক দ্বন্দ্ব চিপ নির্মাণ শিল্প ও সেমিকন্ডাক্টরভিত্তিক সরবরাহ চেইনগুলোকে বাজেভাবে ক্ষতিগ্রস্ত করছে।’

থাইল্যান্ডের গাড়ি কম্পানিগুলো এ ধরনের সমস্যায় কিছু মডেল ক্রেতাদের বিলম্বে ডেলিভারি দিতে বাধ্য হয়েছিল। ফলে আসন্ন সংকট মাথায় রেখে অনেক নির্মাতারা এখন ধাতু দুটির মজুদ করতে শুরু করেছেন। এফটিআইর অটোমোটিভ ইন্ডাস্ট্রি ক্লাব ২০২৩ সালে ১৯ লাখ ৫০ হাজার ইভি উৎপাদন লক্ষ্যমাত্র ঠিক করেছে। যার মধ্য থেকে ১০ লাখ ৫০ হাজার ইউনিট রপ্তানি করা হবে।