বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড (আইসিএমএল)-এর মধ্যে অ্যাডভাইজরি ও ইস্যু ম্যানেজমেন্ট বিষয়ে চুক্তি স্বাক্ষর হয়েছে। গতকাল কুষ্টিয়ায় বিআরবি কেবলের প্রধান কার্যালয় ও উৎপাদন কারখানায় চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মো. মজিবর রহমান ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মাজেদা খাতুন ও অতিরিক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মল্লিক রওশন আলমসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড দেশীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে কেবল ও কন্ডাক্টর প্রস্তুতকারী প্রতিষ্ঠান হিসেবে সুপরিচিত নাম। কোম্পানিটি বিশ্বের শীর্ষস্থানীয় কেবলস উৎপাদনকারী কোম্পানিগুলোর মধ্যে ৩৩তম অবস্থানে রয়েছে। বর্তমানে বিআরবি কেবল বিদ্যুৎ, গৃহস্থালি ওয়্যারিং, অপটিক্যাল ফাইবার কেবলস, মেরিন কেবলস, বিআরবি ফ্যান এবং কন্ডাক্টরসহ বিস্তৃত পণ্য সরবরাহ করে, যা বিদ্যুৎ, অবকাঠামো, টেলিযোগাযোগ এবং শিল্প উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ খাতের জন্য অপরিহার্য। বিআরবি গ্রুপ দেশের অন্যতম বৃহত্তম শিল্পগোষ্ঠী যার অধীনে বর্তমানে ১৪টি সহযোগী প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে কিয়াম মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বিআরবি এনার্জি লিমিটেড, বিআরবি পলিমার লিমিটেড, বিআরবি হসপিটাল লিমিটেড, বিআরবি সিকিউরিটিজ লিমিটেড অন্যতম।

আইসিএমএলের সঙ্গে অ্যাডভাইজরি ও ইস্যু ম্যানেজমেন্ট চুক্তি বিআরবি কেবলের ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধি, দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি নিশ্চিতকরণ ও ভবিষ্যৎ বিনিয়োগ ও সম্প্রসারণ পরিকল্পনা বাস্তবায়ন এবং পুঁজিবাজারে তালিকাভুক্তিতে সহায়ক ভূমিকা রাখবে।— সংবাদ বিজ্ঞপ্তি