যুক্তরাষ্ট্রের বাজারে দাম বাড়ছে ভুট্টার। গতকাল দেশটিতে গত আট দিনের রফতানি রেকর্ডের শীর্ষে উঠে আসে শস্যটি। মার্কিন সরকারের রিপোর্ট অনুযায়ী, ভুট্টার রফতানি চাহিদা দিন দিন বাড়ছে। একই সময়ে সয়াবিন রফতানি স্থিতিশীল থাকলেও কমেছে গম রফতানি। খবর রয়টার্স।

শিকাগো বোর্ড অব ট্রেডের তথ্য অনুযায়ী, ভুট্টার রফতানি মূল্য প্রতি এক-চতুর্থাংশ বুশেলে দশমিক ৩ শতাংশ বেড়ে ৫ দশমিক ৫১ ডলারে পৌঁছেছে। এর আগে ভুট্টার দাম বেড়ে প্রতি অর্ধ-বুশেল ৫ দশমিক ৫২ ডলার ছিল।

কমনওয়েলথ ব্যাংক অব অস্ট্রেলিয়ার কৃষি পরিকল্পনাবিষয়ক পরিচালক টবিন গেরি বলেন, যুক্তরাষ্ট্রের রফতানি ছাড়পত্রে খুব দ্রুতই শস্যটির দাম বাড়ছে।

মার্কিন কৃষি বিভাগের সাপ্তাহিক এক রিপোর্টে দেখা যায়, ভুট্টার আমদানি বেড়ে ২২ লাখ ৪ হাজার টনে পৌঁছেছে, যা আগের সপ্তাহে ছিল ১৬ লাখ ৭৩ হাজার টন।

অন্যদিকে গমের রফতানি মূল্য দশমিক ৪ শতাংশ কমে প্রতি অর্ধ-বুশেলের দাম পড়ছে ৬ দশমিক ৪২ ডলার। গত ফেব্রুয়ারিতে মার্কিন সয়াবিন রফতানিও কমেছে উল্লেখযোগ্য হারে, যা ১৭ মাসের মধ্যে সবচেয়ে কম। মার্কিন তেলবীজ প্রক্রিয়াজাতকারী সংস্থার এক তথ্যে এমনটা দেখা যায়।