যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান তৈরিতে ভালো অবদান রাখছে বিভিন্ন ভারতীয় কোম্পানি। সম্প্রতি পরিচালিত এক জরিপের তথ্যানুযায়ী, দেশটিতে ৪ হাজার কোটি ডলার বিনিয়োগ করেছে ১৬৩টি ভারতীয় কোম্পানি। এর মাধ্যমে তারা ৪ লাখ ২৫ হাজারের বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে। খবর বিজনেস স্ট্যান্ডার্ড।
জরিপটির টাইটেল হচ্ছে ইন্ডিয়ান রুটস, আমেরিকান সয়েল অব দ্য কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই)। গত সপ্তাহে জরিপটির তথ্য উন্মোচন করেন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত তারানজিৎ সিং সাধুঁ। এ সময় ভারতে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটিও ছিলেন। জরিপ প্রকাশের সময় আরো জানানো হয় করপোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) জায়গা থেকে ভারতীয় কোম্পানিগুলো ১৮ কোটি ৫০ লাখ ডলার ব্যয় করেছে। এছাড়া যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) খাতের ব্যয়ও ১০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে।
সাধুঁ বলেন, ‘যুক্তরাষ্ট্র ঘুরে আমি অভিভূত যে স্থানীয় অর্থনীতি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ভারতীয় কোম্পানিগুলো। কোম্পানিগুলো যে শুধু কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে, বিনিয়োগ করছে বা যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধিতে সহায়তা করছে তা নয়। পাশাপাশি স্কুল ও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
জরিপে বলা হয়, ১৬৩টি ভারতীয় কোম্পানি যুক্তরাষ্ট্রে ৪ হাজার কোটি ডলারের বেশি বিনিয়োগ করেছে এবং এর মাধ্যমে সেখানে ৪ লাখ ২৫ হাজারের বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে।
ভারতীয় কোম্পানির কর্মসংস্থান তৈরির কারণে যুক্তরাষ্ট্রের বেশকিছু প্রদেশ উপকৃত হয়েছে। এর মধ্যে টেক্সাসে ২০ হাজার ৯০৬টি কর্মসংস্থান, নিউইয়র্কে ১৯ হাজার ১৬২, নিউ জার্সিতে ১৭ হাজার ৭১৩, ওয়াশিংটনে ১৪ হাজার ৫২৫, ফ্লোরিডায় ১৪ হাজার ৪১৮, ক্যালিফোর্নিয়ায় ১৪ হাজার ৩৩৪, জর্জিয়ায় ১৩ হাজার ৯৪৫, ওহিওতে ১২ হাজার ১৮৮, মন্টানাতে ৯ হাজার ৬০৩ ও ইলিনয়েসে ৮ হাজার ৪৫৪টি কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে।
ভারতীয় কোম্পানিগুলো থেকে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট (এফডিআই) বা সরাসরি বিদেশী বিনিয়োগের দিক থেকে শীর্ষে রয়েছে টেক্সাস। প্রদেশটিতে ৯৮০ কোটি ডলার বিনিয়োগ করা হয়েছে। এরপর জর্জিয়ায় ৭৫০ কোটি, নিউ জার্সিতে ৪২০ কোটি, নিউইয়র্কে ২১০ কোটি, ম্যাসাচুসেটসে ১৪০ কোটি, কেনটাকিতে ৯০ কোটি ৮০ লাখ, ক্যালিফোর্নিয়া ৭৭ কোটি ৬০ লাখ, ম্যারিল্যান্ডে ৭২ কোটি, ফ্লোরিডায় ৭১ কোটি ১০ লাখ ও ইন্ডিয়ানায় ৫৮ কোটি ২০ লাখ ডলার বিনিয়োগ করা হয়েছে।
প্রতিবেদনের তথ্যানুযায়ী, আগামী কয়েক বছরে ৮৫ শতাংশ ভারতীয় প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রে বিনিয়োগ অব্যাহত রাখার কথা জানিয়েছে। অন্যদিকে পরবর্তী পাঁচ বছরে ৮৩ শতাংশ কোম্পানি আরো কর্মী নিয়োগ দেবে বলে জানা গেছে।










