ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪২ নম্বর ওয়ার্ডের মাদানী এভিনিউয়ে ১৪ দশমিক ৪৬ শতাংশ জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে এডিএন টেলিকম লিমিটেড। এডিএনের সহযোগী কোম্পানি টেক ভ্যালি নেটওয়ার্কস লিমিটেড থেকে এ জমি কিনতে রেজিস্ট্রেশন ও অন্যান্য খরচ বাদে ব্যয় হবে ১১ কোটি ৫৬ লাখ ৮০ হাজার টাকা। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুসারে, জমিটির পাশে এডিএন টেলিকমের মালিকানায় আরো ১৪ দশমিক ১৩ শতাংশ জায়গা রয়েছে। জমিটি কেনা হলে কোম্পানিটি মোট ২৮ দশমিক ৫৯ শতাংশ জায়গায় বহুতল করপোরেট ভবন নির্মাণ করবে। সেখানে এডিএনের ডাটা সেন্টারও থাকবে।
৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে এডিএন টেলিকম পর্ষদ। আলোচ্য হিসাব বছরে এডিএন টেলিকমের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩০ টাকা ৬৪ পয়সায়।
সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে এডিএন টেলিকম। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৫৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৫৭ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ২৭ টাকা ৫৬ পয়সা, আগের হিসাব বছর শেষে যা ছিল ২৫ টাকা ৯৭ পয়সা।
সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে প্রতিষ্ঠানটির ইপিএস হয়েছে ২ টাকা ৫৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৫০ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ২৫ টাকা ৯৭ পয়সা, আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ২৫ টাকা ২৭ পয়সা। ২০১৯-২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল এডিএন টেলিকম।
২০১৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এডিএন টেলিকমের অনুমোদিত মূলধন ২০০ কোটি ও পরিশোধিত মূলধন ৬৪ কোটি ৬৫ লাখ ২০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৭২ কোটি ১৬ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৬ কোটি ৪৬ লাখ ৫১ হাজার ৬৬৬। এর মধ্যে ৪৪ দশমিক ৯১ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ১৮ দশমিক ৫৫ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ১ দশমিক ৯৯ শতাংশ বিদেশী বিনিয়োগকারী ও বাকি ৩৪ দশমিক ৫৫ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।
ডিএসইতে গতকাল এডিএন টেলিকমের শেয়ারের সর্বশেষ দর ছিল ১১৯ টাকা ১০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ৯০ টাকা ১০ পয়সা ও ১৭২ টাকা।










