ফরিদপুর-৩ আসনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায় বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) ও দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সাবেক সভাপতি এ কে আজাদকে সংবর্ধনা দেয়া হয়েছে।
সোমবার (১১ মার্চ) দুপুরে রাজধানীর একটি হোটেলে তাকে এ সংবর্ধনা দেয়া হয়। এ সময় তাকে বিসিআই পরিচালনা পর্ষদের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা এবং ক্রেস্ট উপহার দেয়া হয়। সংবর্ধনার আয়োজন করে বিসিআই।
বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী বলেন, এ কে আজাদকে সংবর্ধনা দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। তিনি ব্যবসায়ী নেতা থেকে এখন জননেতায় পরিণত হয়েছেন।
এ কে আজাদ বলেন, বিসিআই আজ আমাকে যে সম্মান দিয়েছে তার জন্য আমি নিজেকে গর্বিত মনে করছি। সামনের দিনগুলোতে বিসিআই তার কার্যক্রম আরো বৃদ্ধি করবে বলে আমি আশা করি। কারণ বিসিআই একমাত্র জাতীয় শিল্প চেম্বার। আমি বিসিআইকে সব সময় নিজের প্রতিষ্ঠান হিসেবে দেখি। এ জন্য বিসিআইর সকল প্রকার সাফল্য আমাকে আনন্দিত করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিআইয়ের প্রতিষ্ঠাতা পরিচালক ও আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান, এফবিসিসিআইর সাবেক সভাপতি মো. জসিম উদ্দিন, এফবিসিসিআইর ঊর্ধ্বতন সহ-সভাপতি মো. আমিন হেলালী, বিআইএর সভাপতি শেখ কবির হোসেন, বিসিআইর সাবেক সভাপতি শাহেদুল ইসলাম হেলাল ও মোস্তফা আজাদ চৌধুরী বাবু, বিটিএমএ এর সভাপতি জনাব মোহাম্মদ আলী খোকনসহ অনেকে।










