সিমেন্ট খাতের তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের আয় চলতি ২০২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় ২৭ দশমিক ৪৩ শতাংশ বেড়েছে। এ সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা বেড়েছে ৫৭ দশমিক ৬২ শতাংশ। কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে লাফার্জহোলসিম বাংলাদেশের আয় হয়েছে ২ হাজার ১৬৪ কোটি ৬২ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ হাজার ৬৯৮ কোটি ৭৩ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৫২১ কোটি ৪৩ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে নিট মুনাফা ছিল ৩৩০ কোটি ৮২ লাখ টাকা। তিন প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪ টাকা ৪৯ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ২ টাকা ৮৫ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৮ টাকা ৩৯ পয়সায়। 

এদিকে চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির আয় হয়েছে ৬৩৮ কোটি ৯৯ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫৭১ কোটি ৫০ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৫৯ কোটি ৯০ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১১৩ কোটি ৪৭ লাখ টাকা। তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৩৮ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ৯৮ পয়সায়।

কোম্পানিটির কর্মকর্তারা জানিয়েছেন, সিমেন্টের দাম বাড়ার পাশাপাশি অ্যাগ্রিগেটস বিক্রি বেড়ে যাওয়ার সুবাদে এ সময়ে কোম্পানির মুনাফা বেড়েছে।