ভূরাজনৈতিক উত্তেজনা, কর্মসংস্থানের ঝুঁকি এবং লাগামহীন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের মধ্যে একটি ভারসাম্য বজায় রাখার নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশগুলো। বছরের বাকি সময়জুড়ে অর্থনীতির গতিপথ কেমন হবে, তা বুঝতে কেন্দ্রীয় ব্যাংকগুলোর ভবিষ্যৎ নির্দেশনার দিকে তীক্ষ্ণ নজর রাখছেন বিনিয়োগকারী ও আর্থিক বাজার বিশ্লেষকরা। ধারণা করা হচ্ছে, চলতি মাসে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক থেকে সুদের হার হ্রাস, স্থিতাবস্থা বজায় রাখা কিংবা সম্ভাব্য বৃদ্ধির একটি মিশ্র ঘোষণা আসতে পারে। খবর আনাদোলু।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) আসন্ন ১৮ মার্চের সভায় বর্তমান নীতি সুদহার অপরিবর্তিত রাখবে বলেই ধারণা করা হচ্ছে। তবে বিনিয়োগকারীদের মূল নজর থাকবে ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েলের নীতিনির্ধারণী বক্তব্য এবং মৌখিক নির্দেশনার দিকে। বিশেষ করে আগামী জুনে সুদহার কমানোর যে জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে, সে বিষয়ে পাওয়েল কোনো ইঙ্গিত দেন কিনা, তা-ই এখন দেখার বিষয়। এছাড়া আগামী মে মাসে পাওয়েলের পদত্যাগের পর কে তার স্থলাভিষিক্ত হচ্ছেন সে আলোচনাও এখন তুঙ্গে।

প্রতিবেদনে বলা হয়েছে, মূল্যস্ফীতি ও কর্মসংস্থানসংক্রান্ত ঝুঁকিগুলো ফেডের সুদহার কমানো বা নমনীয় হওয়ার প্রক্রিয়ায় ক্রমাগত চাপ সৃষ্টি করছে। তবে জানুয়ারিতে শ্রমবাজারের বর্তমান অবস্থা সম্পর্কিত পরিমিত তথ্য ফেডকে মূল্যস্ফীতি দমনের দিকে আরো বেশি মনোযোগ দেয়ার সুযোগ করে দিয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, ফেব্রুয়ারির মূল্যস্ফীতি ও কর্মসংস্থানের তথ্যই মূলত ফেডের ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণ করবে। অন্যদিকে একই দিনে ব্যাংক অব কানাডাও নীতি সুদহার ২ দশমিক ৫২ শতাংশে অপরিবর্তিত রাখবে বলে ধারণা করা হচ্ছে।

ইউরোপের বাজার পরিস্থিতির দিকে তাকালে দেখা যায়, গত জানুয়ারিতে ইউরোজোনের বার্ষিক মূল্যস্ফীতি ছিল ১ দশমিক ৭ শতাংশ। এটি পূর্বাভাস অনুযায়ী হলেও পূর্ববর্তী সময়ের তুলনায় হ্রাসের ইঙ্গিত দেয়।

১৯ মার্চের সভায় ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকও নীতি সুদহার অপরিবর্তিত রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। একই সময়ে ব্যাংক অব ইংল্যান্ড সুদহার ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৩ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। এশিয়ার পরিস্থিতির দিকে তাকালে দেখা যায়, গত জানুয়ারিতে সুদের হার অপরিবর্তিত রাখার পর আগামী ১৯ মার্চের সভায়ও ব্যাংক অব জাপান নীতি সুদহার শূন্য দশমিক ৭৫ শতাংশেই বজায় রাখবে বলে আশা করা হচ্ছে।