ব্যবসায়ী পর্যায়ে ও মিলগুলোয় গম মজুদের সীমা আরো কমাবে ভারত। মজুদ কমালেও আমদানি শুল্ক কমানোর কোনো পরিকল্পনা নেই দেশটির। এমন তথ্য দিয়েছেন খাতসংশ্লিষ্ট এক সরকারি কর্মকর্তা। তার দেয়া এসব তথ্য মূলত দেশটিতে পর্যাপ্ত গমের ফলন হয়েছে বলে ইঙ্গিত দিচ্ছে। খবর রয়টার্স।
কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তা সঞ্জীব চোপড়া বলেন, ‘আগে ব্যবসায়ী, পাইকারি বিক্রেতা ও বড় খুচরা বিক্রেতাদের সর্বোচ্চ তিন হাজার টন গম মজুদের অনুমতি থাকলেও এখন তা কমিয়ে দুই হাজার টন নির্ধারণ করা হয়েছে। তবে আসন্ন দুর্গা পূজার সময় খোলা বাজারে গমের দাম বেড়ে গেলে সরকার আরো গমের মজুদ খোলা বাজারে ছাড়বে।’
উৎপাদন কম হতে পারে এমন আশঙ্কায় ভারত গত বছর গম রফতানি নিষিদ্ধ করেছিল। এছাড়া চলতি বছর একাধিক রাজ্যে বন্যার কারণে নন-বাসমতি সাদা চাল রফতানি বন্ধ করে দেয় দেশটি। অনেক স্থানে কম বৃষ্টিপাতের দরুন আখ উৎপাদন ব্যাহত হওয়ায় অক্টোবর থেকে চিনি রফতানিতেও নিষেধাজ্ঞা জারি করেছে নয়াদিল্লি।
চোপড়া বলেন, ‘সাম্প্রতিক রফতানি নিষেধাজ্ঞা ভারতকে চাল, গম ও চিনির মতো প্রধান খাদ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে সাহায্য করেছে। পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও দেশে কৃত্রিম ঘাটতি তৈরি করা হচ্ছে।’
হিন্দু ধর্মাবলম্বী প্রধান ভারতে আসন্ন অক্টোবরে সপ্তাহব্যাপী বছরের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব চলাকালীন বাজারে খাদ্য ঘাটতি হবে না—এমন বার্তাই পরিষ্কার করতে চেয়েছেন তিনি।
উৎসবের মাস ও তার পরবর্তী সময়ের চাল, গম ও চীনের বাড়তি চাহিদা মোকাবেলা করতে সরকার পুরোপুরি প্রস্তুত বলেও জানিয়েছেন এ কর্মকর্তা। তিনি বলেন, ‘আগস্টে চিনির মজুদ দাঁড়িয়েছে ৮৫ লাখ টনে। এ পরিমাণ চিনি সাড়ে তিন মাসের বেশি সময়ের চাহিদা মেটানোর জন্য যথেষ্ট।’
ভারতের শীর্ষ আখ উৎপাদনকারী রাজ্যগুলোর কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আগস্টের কম বৃষ্টিপাত নিয়ে কিছুটা দুশ্চিন্তা ছিল। তবে সেপ্টেম্বরে মহারাষ্ট্র ও কর্ণাটকে পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ায় ভালো ফলনের প্রত্যাশা করছি।’
আয়তনে বিশ্বের সপ্তম বৃহত্তম রাষ্ট্র ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চিনি, গম ও চাল উৎপাদনকারী। তিনি বলেন, ‘আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে কয়েক সপ্তাহে ভারতেও ভোজ্যতেলের দাম কমেছে। তবে এখনই ভোজ্যতেলের আমদানি শুল্ক বাড়ানোর কোনো পরিকল্পনা নেই।’
অন্যদিকে গমের দাম সাত মাসের মধ্যে সর্বোচ্চে উঠেছে। পিছিয়ে নেই চিনির বাজারও। গত বৃহস্পতিবার ছয় বছরের মধ্যে শীর্ষে উঠেছে চিনির দাম।










