পুঁজিবাজারে তালিকাভুক্ত ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড ৩১ ডিসেম্বর ২০২২ হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা থেকে আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি এ সিদ্ধান্ত নেয়া হয়।
নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, আলোচ্য হিসাব বছরে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৮ টাকা ৩৬ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ১১ পয়সা (পুনর্মূল্যায়িত)। গত ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯ টাকা ১৮ পয়সায়, আগের হিসাব বছরে যা ছিল ১৭ টাকা ৫৪ পয়সা।
এদিকে কোম্পানিটির অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ৭ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১২ অক্টোবর।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরেও শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশের সুপারিশ করেনি কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ১১ পয়সা। যেখানে আগের হিসাব বছরে শেয়ারপ্রতি আয় ছিল ১ টাকা ২১ পয়সায়।
এর আগে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে ফিনিক্স ফাইন্যান্স। ২০১৯ হিসাব বছরে কোম্পানিটি তাদের শেয়ারহোল্ডারদের মোট ১২ শতাংশ লভ্যাংশ দেয়। এর মধ্যে ৬ শতাংশ নগদ ও ৬ শতাংশ স্টক লভ্যাংশ ছিল। তার আগের হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে তারা। এছাড়া ২০১৭ ও ২০১৬ হিসাব বছরের জন্য ২০ শতাংশ হারে নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।
২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া ফিনিক্স ফাইন্যান্সের অনুমোদিত মূলধন ৩০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১৬৫ কোটি ৮৭ লাখ ৪০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ২৬৫ কোটি ৬৪ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৬ কোটি ৫৮ লাখ ৭৪ হাজার ১৯৫। এর মধ্যে ৩০ দশমিক ৫১ শতাংশ কোম্পানির উদ্যোক্তা পরিচালক, ২৩ দশমিক ৬২ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ৪৫ দশমিক ৮৭ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।










