চীনের আকরিক লোহার ভবিষ্যৎ সরবরাহ চুক্তিমূল্য কমেছে। ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে ধাতুটির দাম প্রায় ছয় সপ্তাহের সর্বনিম্নে নেমে এসেছে। ইস্পাত তৈরির প্রধান উপাদান আকরিক লোহা। বর্তমান বাজারে ইস্পাতের দাম নিম্নমুখী। এছাড়া ইস্পাতের চাহিদা কমতে থাকায় মিলগুলোর মুনাফার সক্ষমতাও সংকুচিত হয়ে আসছে। মূলত এসব কারণেই বৃহস্পতিবার আকরিক লোহার দাম কমে যায়। এছাড়া লাগামহীন দাম নিয়ন্ত্রণে বাজার নিয়ন্ত্রকদের নেয়া কিছু উদ্যোগও দরপতনে প্রভাবক হিসেবে কাজ করেছে। খবর রয়টার্স।

ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে সর্বাধিক লেনদেন হওয়া আকরিক লোহার সেপ্টেম্বরের সরবরাহ চুক্তিমূল্য ৪ দশমিক ৮ শতাংশ কমে গেছে। ধাতুটির দাম দাঁড়িয়েছে টনপ্রতি ৯৮৫ ইউয়ান বা ১৫৪ ডলার ৯ সেন্টে, যা গত ১২ এপ্রিলের পর সর্বনিম্ন।

আইএনজি ব্যাংকের পণ্যবাজার নীতিনির্ধারকরা এক বিবৃতিতে জানান, বর্তমানে ইস্পাতের বাজার কিছুটা চাপের মুখে রয়েছে। ফলে আকরিক লোহার চাহিদাও কমতে শুরু করেছে। 

এদিকে স্পট মার্কেটে বাজার আদর্শ ৬২ শতাংশ আকরিক লোহার দামও কমে গেছে। বুধবার ধাতুটির দাম টনপ্রতি ১৮২ ডলারে নেমে আসে। স্টিলহোম কনসালট্যান্সির দেয়া তথ্যমতে, ১২ মে দাম রেকর্ড সর্বোচ্চে ওঠার পর মাসের শেষে এসে ধাতুটির বাজারদরে এমন ধস নামে। ওই সময় দাম উঠেছিল টনপ্রতি ২৩২ ডলার ৫০ সেন্টে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, চীনে ইস্পাতের দামও ধারাবাহিকভাবে কমছে। বৃহস্পতিবার সাংহাই ফিউচারস এক্সচেঞ্জে পণ্যটির দাম দুই মাসের সর্বনিম্নে নেমে এসেছে। অবকাঠামো নির্মাণে ব্যবহূত রডের দাম ৩ দশমিক ৮ শতাংশ কমে যায়, যা ১১ মার্চের পর সর্বনিম্ন। চাহিদা কমে যাওয়া এবং ভারি বৃষ্টিপাতের কারণে চীনের বিভিন্ন অঞ্চলে অবকাঠামো নির্মাণকাজে ধীরগতির কারণে দরপতনের এমন চিত্র দেখা গেছে।

গাড়ির বডি এবং বসতবাড়ির সরঞ্জাম তৈরিতে ইস্পাতজাত হট-রোলড কয়েল ব্যবহূত হয়ে থাকে। এ ধাতুর দামও ৪ দশমিক ১ শতাংশ কমে গেছে, যা ২৩ মার্চের পর সর্বনিম্ন। তবে স্টেইনলেস ইস্পাতের বাজারদরে কিছুটা ঊর্ধ্বগতি লক্ষ করা গেছে। ধাতুটির দাম দশমিক ১ শতাংশ বেড়েছে। অন্যদিকে ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে কোকিং কোলের দাম ১ দশমিক ৩ শতাংশ কমলেও কোকের দাম বেড়েছে দশমিক ৬ শতাংশ।