তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা ইফতেখার আজিম আহমেদ তার ছেলে সালেহ আহমেদকে ব্যাংকটির ৫০ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। স্টক এক্সচেঞ্জের লেনদেন ব্যবস্থার বাইরে উপহার হিসেবে তিনি এ শেয়ার হস্তান্তর করবেন। তার কাছে বর্তমানে ব্যাংকটির ৫৪ লাখ ১৫ হাজার শেয়ার রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।  

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে সাউথইস্ট ব্যাংক। এর মধ্যে ৬ শতাংশ নগদ ও ৪ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪২ পয়সা। এর আগের হিসাব বছরে যা হয়েছিল ১ টাকা ৪৪ পয়সা (পুনর্মূল্যায়িত)। গত ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪ টাকা ৮৭ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ২৫ টাকা ২২ পয়সায়।