বাংলাদেশ হস্তশিল্প প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বাংলাক্রাফট) নতুন সভাপতি হয়েছেন মো. বেলাল হোসেন। সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব ও বাংলাক্রাফটের প্রশাসক শরীফ মোস্তাফিজুর রহমান নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এ নতুন কমিটি আগামী দুই বছর (২০২৫-২০২৭) বাংলাক্রাফটের পরিচালনার দায়িত্বে থাকবেন। কমিটিতে জ্যেষ্ঠ সহ-সভাপতি পদে কাজী শাহাবউদ্দীন, সহ-সভাপতি পদে মোজাম্মেল হক ও কোষাধ্যক্ষ পদে মো. জুল হোসেন নির্বাচিত হয়েছেন।
মো. বেলাল হোসেন দীর্ঘদিন ধরে রফতানি খাতে কাজ করছেন। তিনি ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত নিজস্ব প্রতিষ্ঠান বিডি ক্রিয়েশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। প্রায় ৩৪ বছর ধরে হস্তশিল্প পণ্যের রফতানিতে যুক্ত আছেন তিনি।
১৯৭৯ সালে প্রতিষ্ঠিত বাংলাক্রাফট বাংলাদেশের হস্তশিল্প খাতের প্রাচীনতম সংগঠন। এটি একটি অলাভজনক বাণিজ্যিক সমিতি, যা হস্তশিল্পের উন্নয়ন, বিপণন ও রফতানিতে কাজ করে যাচ্ছে। বর্তমানে এর সদস্য সংখ্যা পাঁচ শতাধিক।
—বিজ্ঞপ্তি










