সারা দেশের মতো ব্রাহ্মণবাড়িয়াতেও পরিবহন ধর্মঘট চলছে। তৃতীয় দিনের মতো ধর্মঘটে বিভিন্ন শ্রেণির-পেশার যাত্রীরা বেশ দুভোর্গ পোহাচ্ছেন। তবে, ট্রাক ধর্মঘটের তেমন প্রভাব নেই দেশের অন্যতম বৃহৎ আখাউড়া স্থলবন্দরে।
আজ রোববার এই স্থলবন্দর দিয়ে স্বাভাবিকভাবেই আমদানি-রপ্তানি কার্যক্রম চলছে। আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, শুক্রবার বন্দরে ছুটি ছিল। গতকাল শনিবার থেকে বন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়। আজও পণ্যবোঝাই ট্রাক বন্দরে এসেছে। ভারত থেকে পণ্য আমদানিও স্বাভাবিক রয়েছে।
ভারতের ত্রিপুরা ও আশপাশের রাজ্যে মাছ, পাথর, সিমেন্ট, রড, ভোজ্যতেল, তুলা, প্লাস্টিক ও খাদ্যসামগ্রীসহ বিভিন্ন পণ্য রপ্তানি হয় আখাউড়া স্থলবন্দর দিয়ে। সম্প্রতি চাল ও গম আমদানি শুরু হয় এ বন্দরের মাধ্যমে। সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত প্রতিদিন গড়ে ১০ লাখ ডলার মূল্যের বিভিন্ন পণ্য রপ্তানি হয়ে থাকে দেশের অন্যতম বৃহৎ এই স্থলবন্দর থেকে।










