অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়া অব্যাহত থাকায় বিশ্বজুড়ে বাড়ছে তুলার চাহিদা। কিন্তু সে তুলনায় সরবরাহ কম। বিশেষ করে শীর্ষ উৎপাদক ভারত ও যুক্তরাষ্ট্রে পণ্যটির উৎপাদন সীমিত হয়ে এসেছে। এসব কারণে চলতি বছর তুলার দাম অব্যাহতভাবে বাড়বে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। সম্প্রতি এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে ইনডেক্স বক্স।
প্রতিবেদনে বলা হয়, গত বছর তুলার বৈশ্বিক গড় দাম ৪১ শতাংশ বৃদ্ধি পায়। প্রতি কেজির মূল্য দাঁড়ায় ২ ডলার ২৩ সেন্টে। ওই বছর মহামারীর ধাক্কা সামলে বৈশ্বিক উৎপাদন ঘুরে দাঁড়ায়। উৎপাদনের পরিমাণ ২ কোটি ৬৩ লাখ টনে উন্নীত হয়, যা মহামারীর আগের বছরের চেয়েও বেশি। কিন্তু ব্যাপক চাহিদা সরবরাহকে ছাড়িয়ে যাওয়ায় দাম ছিল আকাশচুম্বী।
চলতি বছরের প্রথমার্ধে তুলার দাম আরো বাড়ার প্রক্ষেপণ করেছে ইনডেক্স বক্স। কারণ বছরের শুরুতে তুলার বৈশ্বিক উৎপাদন ছিল নিম্নমুখী। এক্ষেত্রে প্রধান ভূমিকা রেখেছে ভারত ও যুক্তরাষ্ট্র।
চলতি বছর তুলার গড় দাম গত বছরের তুলনায় প্রায় ৫ শতাংশ বাড়ার সম্ভাবনা দেখছে ইনডেক্স বক্স। প্রতি কেজির মূল্য স্থির হতে পারে ২ ডলার ৩৪ সেন্টে।
এদিকে চলতি বছর চীনের তুলা আমদানি ব্যাপক হারে বৃদ্ধির পূর্বাভাস মিলেছে। এ বিষয়টিও দাম বাড়াতে সহায়তা করবে।










