চট্টগ্রাম ক্লাবের সুইমিং পুল প্রাঙ্গনে সম্প্রতি দেশের অন্যতম অডিট ফার্ম হোদা ভাসি চৌধুরী অ্যান্ড কোম্পানি চার্টার্ড একাউন্ট্যান্টসের সাবেক ও বর্তমান সদস্যদের অংশগ্রহণে রিইউনিয়ন অনুষ্ঠিত হয়েছে। কবিতার ছন্দে ছন্দে অনুষ্ঠানটির সূচনা হয়, যা শুরু থেকেই উপস্থিত সবার মধ্যে আলাদা আবহ তৈরি করে।

অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এরপর প্রদর্শিত হয় একটি অডিও-ভিজ্যুয়াল উপস্থাপনা। সেখানে হোদা ভাসি চৌধুরীর পথচলা, মূল্যবোধ এবং একজন শিক্ষার্থীর ফার্মে প্রবেশ থেকে ধীরে ধীরে পেশাদার হিসেবে গড়ে ওঠার পুরো যাত্রা তুলে ধরা হয়।

পরবর্তী পর্বে ফার্মের ফাউন্ডিং পার্টনারদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানো হয়। একই সঙ্গে প্রয়াত সদস্যদের স্মরণ করা হয়। এ সময় ফার্মের ১০ জন সিনিয়র এলামনাইকে সম্মাননা দেয়া হয়। স্মৃতিচারণ পর্বে অংশগ্রহণকারীরা তাদের ফার্ম জীবনের অভিজ্ঞতা, শেখার গল্প ও পারস্পরিক বন্ধনের কথা তুলে ধরেন।

সাংস্কৃতিক পর্ব শুরু হয় ক্য উ প্রু মারমার বাঁশি পরিবেশনার মাধ্যমে। বাঁশির সুরের সঙ্গে হোদা ভাসি চৌধুরীর সাবেক শিক্ষার্থী আসিফ তানভীরের আবৃত্তি অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে। এরপর কৌতুক পরিবেশন করেন আবু হেনা রনি। গজল পরিবেশন করেন ফয়সাল মানিক। সংগীত পরিবেশনায় অংশ নেন ব্যান্ড ফিডব্যাকের লিড ভোকালিস্ট রায়হান আল হাসান। সবশেষে অনুষ্ঠিত হয় র‍্যাফেল ড্র।

রিইউনিয়নের আনুষ্ঠানিক উদ্বোধন করেন হোদা ভাসি চৌধুরী চট্টগ্রামের সিনিয়র পার্টনার শওকত হোসাইন। স্বাগত বক্তব্য দেন আয়োজক কমিটির আহ্বায়ক সিদ্ধার্থ বড়ুয়া এবং যুগ্ম আহ্বায়ক রাকিবুল কামাল। সমাপনী বক্তব্য দেন সদস্য সচিব সাইফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুবিদুর সুজাত। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আসিফ তানভীর ও শরীফ মাহমুদ।

অনুষ্ঠানজুড়ে ছিল প্রাণচাঞ্চল্য ও আন্তরিক পরিবেশ। অংশগ্রহণকারী এলামনাই ও অতিথিরা আয়োজনের জন্য আয়োজক কমিটির প্রতি কৃতজ্ঞতা জানান।

—বিজ্ঞপ্তি