২০২১ সালের মধ্যে ৫০ শতাংশ গাড়ি বিদ্যুচ্চালিত করার লক্ষ্য স্থির করেছিল অটোমেকার কোম্পানি মার্সিডিজ বেঞ্জ। তবে এ লক্ষ্যে পৌঁছনোর সময়সীমা আরো পাঁচ বছর বাড়িয়েছে লাক্সারি জার্মান ব্র্যান্ডটি। বিনিয়োগকারীদের আশ্বস্ত করে কোম্পানিটি জানিয়েছে, তারা তাদের কমবাশ্চন ইঞ্জিন মডেল আরো বাড়াবে। মার্সিডিজ বেঞ্জই সর্বশেষ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান, যারা ব্যাটারিচালিত গাড়ির চাহিদা আশানুরূপভাবে পূরণ করতে পারছে না। খবর রয়টার্স।
কোম্পানিটির আশা, ২০৩০ সাল নাগাদ হাইব্রিডসহ বিদ্যুচ্চালিত গাড়ির বিক্রি ৫০ শতাংশের বেশি থাকবে। এর আগে কোম্পানিটি জানিয়েছিল, ২০২১ সালের মধ্যে তাদের বিদ্যুচ্চালিত গাড়ি বিক্রির পরিমাণ থাকবে ৫০ শতাংশ। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০২৫ সালের মধ্যে তারা এ লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারবে।
অটোমেকার প্রতিষ্ঠান ও সরবরাহকারীরা বিদ্যুচ্চালিত গাড়ির ভবিষ্যৎ চাহিদার ওপর বড় আকারের বাজি ধরছে। এতে ইভির চাহিদার তুলনায় বিনিয়োগ বাড়ছে। ফলে গাড়ি নির্মাতাদের ইভি উৎপাদন পরিকল্পনা নতুন করে পুনর্বিন্যাসের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
মার্সিডিজ বেঞ্জ কোম্পানির সিইও ওলা ক্যালিনিয়াস জানান, গত বছরের শেষের দিকে তিনি সতর্ক করে দিয়েছিলেন ইউরোপেও ২০৩০ সালের মধ্যে সব ব্যাটারিচালিত গাড়ি বিক্রি হবে না। বর্তমানে দেশটিতে ব্যাটারিচালিত গাড়ি বিক্রির পরিমাণ ১১ এবং হাইব্রিডসহ মোট ১৯ শতাংশ।
তিনি আরো বলেন, ‘মার্সিডিজ বেঞ্জ গ্রাহক ও বিনিয়োগকারীদের জন্য কমবাশ্চন ইঞ্জিন গাড়ি তৈরি নিয়ে ভালো অবস্থানে ছিল এবং পরবর্তী দশকে এ-সংক্রান্ত প্রযুক্তিগুলো ভালোভাবে আপডেট করার জন্য প্রস্তুত ছিল।’
ক্যালেনিয়াস বলেন, ‘আমাদের ২০২৭ সালে একটি নতুন লাইনআপ বাজারে আসবে, যা কোম্পানিকে ২০৩০-এর দশকে ভালোভাবে এগিয়ে নেবে।’
এদিকে এমন সংবাদের পর বিলাসবহুল গাড়ি প্রস্তুতকারক কোম্পানিটির শেয়ারদর ৫ দশমিক ৯ শতাংশ বেড়েছে। প্রতিষ্ঠানটির এ শেয়ারদর বৃদ্ধিতে আরো ভূমিকা রেখেছে ৩০০ কোটি ডলারের একটি বাই-ব্যাক (বাজার থেকে ইস্যুকৃত শেয়ার পুনঃক্রয়) কর্মসূচির ঘোষণা।
মন্থর অর্থনৈতিক প্রবৃদ্ধি, সরবরাহ চেইনে বাধা এবং চীন, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বাণিজ্য উত্তেজনার প্রভাব ২০২৪ সালে মার্সিডিজ বেঞ্জের ওপর পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া নির্মাতারাও তাদের গাড়ি ও ভ্যান বিভাগে বিক্রির কমার পূর্বাভাস দিয়েছে।
বিশ্লেষকদের আশঙ্কা, চলতি বছরের প্রথম প্রান্তিকের বিক্রি গত বছরের একই সময়ের তুলনায় নিচে আসার সম্ভাবনা রয়েছে। মার্সিডিজ বেঞ্জ কর্তৃপক্ষ জানিয়েছে, হাইব্রিডসহ বিদ্যুচ্চালিত গাড়ি বিক্রি ১৯-২১ শতাংশের মধ্যে থাকবে।
বিলাসবহুল গাড়ি প্রস্তুতকারক কোম্পানিটি জানিয়েছে, ২০২৩ সালে তাদের গাড়ি বিক্রির পরিমাণ ছিল ১২ দশমিক ৬ শতাংশ, যা তাদের পূর্বাভাসের সমান। তবে মূল্যস্ফীতি ও সরবরাহ চেইন-সম্পর্কিত খরচ এবং সেই সঙ্গে উপাদানের ঘাটতির কারণে মুনাফাও কমেছে।










