নতুন শ্রম আইন অনুমোদন করেছে ওমানের সুলতান হাইসাম বিন তারিক। শ্রমিকের মজুরিতে ভারসাম্য আনা ও মালিকপক্ষের সঙ্গে তাদের সম্পর্ক উন্নয়নে নতুন পদক্ষেপ নিয়েছে দেশটি। খবর অ্যারাবিয়ান বিজনেস।
রাজকীয় আইন অনুসারে, শ্রমিকদের অধিকার ও পরিস্থিতি নিয়ে বিবেচনা করা হবে। আর্টিকেল ৪৩ ধারা অনুযায়ী, কর্মীকে ছাঁটাই করার সময় তার ব্যাপারে স্বচ্ছতা রাখা হবে। নতুন আইন অনুসারে, যদি কোনো কর্মী কাজের মান পূরণ করতে ব্যর্থ হয়, তাহলে মালিকপক্ষ ছাঁটাই করবে। তবে তার আগে পরবর্তী ছয় মাসের জন্য বিশেষ প্রশিক্ষণ সময় থাকবে। যদি এ সময়ের মধ্যে কর্মী নিজেকে সন্তোষজনকভাবে উন্নত করতে পারে, তাহলে চাকরি বহাল রাখা হবে। বিপরীতে সক্ষম না হলে তাকে ছাঁটাই করা যেতে পারে।
যদি কোনো ওমানি কর্মীকে ছাঁটাই করা হয়, তাহলে তার স্থানে অবশ্যই অন্য কোনো ওমানিকেই নিয়োগ দিতে হবে। নতুন আইনের মাধ্যমে ব্যবসা বন্ধ হয়ে যাওয়া, কোম্পানির দেউলিয়াত্ব, ব্যবসা কার্যক্রম হ্রাস কিংবা বিকল্প পণ্যের বাস্তবায়নে সিদ্ধান্তের ক্ষেত্রে কার্যকর করা যাবে। এমন অর্থনৈতিক কার্যক্রম, যেখানে কর্মী ছাঁটাই জরুরি হয়ে পড়ে, সেসব ক্ষেত্রে নতুন আইন প্রয়োগ করা যেতে পারে। এক্ষেত্রে মালিকপক্ষকে শ্রম মন্ত্রণালয় বরাবর আবেদনপত্র জমা দিয়ে অনুমোদন পেতে হবে।
নতুন আইনের মাধ্যমে দক্ষ শ্রমিকরা বিশেষ সুরক্ষা লাভ করবে। মালিকপক্ষ তাদের পাসপোর্ট কিংবা ব্যক্তিগত কাগজপত্র জব্দ করতে পারবে না। কোনো ধরনের লিখিত সম্মতি ছাড়া তাদের এ ধরনের সিদ্ধান্ত নিতে পারবে না। যদিও কোনো দক্ষ কর্মীকে ছাঁটাই করা হয়, তাহলে পরবর্তী ৩০ দিনের মধ্যে তারা অভিযোগ দায়ের করার অধিকার রাখবে।










