যুক্তরাষ্ট্রের কয়লা উত্তোলন খাতে মন্দা ভাব দেখা দিয়েছে। সর্বশেষ সপ্তাহে দেশটিতে জ্বালানি পণ্যটির উত্তোলন আগের সপ্তাহের তুলনায় ৫ শতাংশের বেশি কমে এক কোটি শর্টটনের কাছাকাছি নেমে এসেছে। মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের (ইআইএ) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্স ও সিএনবিসি।

ইআইএর প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ সপ্তাহে যুক্তরাষ্ট্রের খনিগুলো থেকে সব মিলিয়ে ১ কোটি ২ লাখ শর্টটন কয়লা উত্তোলন হয়েছে। আগের সপ্তাহের তুলনায় এ সময় দেশটিতে জ্বালানি পণ্যটির উত্তোলন কমেছে ৫ দশমিক ৩ শতাংশ। এর মধ্য দিয়ে ১০ সপ্তাহের মধ্যে এবারই যুক্তরাষ্ট্রের খনিগুলো থেকে সবচেয়ে কম কয়লা উত্তোলনের রেকর্ড হয়েছে। গত বছরের একই সপ্তাহের তুলনায় সর্বশেষ সপ্তাহে যুক্তরাষ্ট্রে কয়লা উত্তোলন কমেছে এক-চতুর্থাংশ বা ২৫ দশমিক ৫ শতাংশ।

সর্বশেষ সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রধান চার কয়লা উত্তোলনকারী অঞ্চলে জ্বালানি পণ্যটির উত্তোলন কমতির দিকে ছিল। এর মধ্যে উইমিং ও মন্টানা অঞ্চলে কয়লা উত্তোলন ৬ দশমিক ৪ শতাংশ কমে ৪৮ লাখ শর্টটনে নেমে এসেছে। এ সময় ইলিনয় অঞ্চলে জ্বালানি পণ্যটির উত্তোলন আগের সপ্তাহের তুলনায় ৩ দশমিক ১ শতাংশ কমে ১৩ লাখ শর্টটনে নেমেছে, যা ১১ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন।

এদিকে ইআইএর সাম্প্রতিক পূর্বাভাসে বলা হয়েছে, চলতি বছর যুক্তরাষ্ট্রের খনিগুলো থেকে সব মিলিয়ে ৫২ কোটি ৯০ লাখ শর্টটন কয়লা উত্তোলনের সম্ভাবনা রয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে চলতি বছর জ্বালানি পণ্যটির উত্তোলন ২০১৯ সালের তুলনায় ২৪ দশমিক ৮ শতাংশ কমতে পারে।