বিশ্ববাজারে তামার দাম বেড়েছে। চলতি সপ্তাহের মাঝামাঝিতে মূল্যবৃদ্ধির এ ঘটনা ঘটে। লন্ডন মেটাল এক্সচেঞ্জে ব্যবহারিক ধাতুটির দাম দশমিক ৬ শতাংশ বেড়েছে। শীর্ষ তামা উৎপাদক দেশ চিলির বড় দুটি খনির শ্রমিকদের মধ্যে সৃষ্ট অসন্তোষের জেরে বৈশ্বিক সরবরাহ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এ পরিস্থিতির মধ্যেই ব্যবহারিক ধাতুটির দাম বেড়ে যায়। খবর রয়টার্স ও মাইনিংডটকম।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, লন্ডন মেটাল এক্সচেঞ্জে তিন মাসে দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি টন তামার দাম ১০ হাজার ২৯৬ ডলারে উন্নীত হয়েছে। তবে সাংহাই ফিউচারস এক্সচেঞ্জে সর্বাধিক লেনদেন হওয়া তামার জুনে সরবরাহ চুক্তিমূল্য কিছুটা কমেছে। ধাতুটির দাম দশমিক ১ শতাংশ কমে টনপ্রতি ৭৪ হাজার ৭৫০ ইউয়ান বা ১১ হাজার ৬০৯ ডলারে নেমে গেছে।

মাইনিংডটকমের এক প্রতিবেদনে বলা হয়, চিলিতে অবস্থিত বড় দুটি তামা খনি এসকোনডিডা ও স্পেন্স। প্রসিদ্ধ খনিজ সম্পদ উত্তোলনকারী কোম্পানি বিএইচপির মালিকানাধীন খনি দুটির শ্রমিকদের ইউনিয়ন সম্প্রতি কোম্পানিটির একটি চুক্তি প্রস্তাব প্রত্যাখ্যান করে। মালিকপক্ষের সঙ্গে দ্বন্দ্বের জেরে খনি দুটিতে ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিকরা। এতে বন্ধ হয়ে যেতে পারে উৎপাদন। শ্রমিক ইউনিয়নের সভাপতি জেসিকা অরলানা এসব তথ্য জানিয়েছেন। 

অস্ট্রেলিয়া অ্যান্ড নিউজিল্যান্ড ব্যাংকিং গ্রুপ এএনজেড জানায়, চুক্তি প্রস্তাব প্রত্যাখ্যানের পর দেশটির তামা সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এটি বৈশ্বিক সরবরাহ প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে। তবে বিএইচপি রয়টার্সকে জানায়, দুই পক্ষের মধ্যে এখনো সমঝোতার সুযোগ রয়েছে বলে মনে করছেন কোম্পানিটির কর্তাব্যক্তিরা।