প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ফিক্সড প্রাইস পদ্ধতিতে পুঁজিবাজার থেকে ১০০ কোটি টাকা মূলধন উত্তোলনের অনুমোদন পেয়েছে এনআরবি ব্যাংক লিমিটেড। অন্যদিকে নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসির ১৫০ কোটি টাকার বন্ড প্রস্তাবে অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৮৮৭তম কমিশন সভায় গতকাল এ আইপিও ও বন্ড অনুমোদন দেয়া হয়। 

বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইপিওর মাধ্যমে ১০ টাকা মূল্যের এক কোটি শেয়ার ইস্যু করে পুঁজিবাজার থেকে ১০০ কোটি টাকা উত্তোলন করবে এনআরবি ব্যাংক লিমিটেড। উত্তোলিত অর্থ সরকারি সিকিউরিটিজ ও পুঁজিবাজারে তালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগ এবং আইপিওর ব্যয় নির্বাহ করবে কোম্পানিটি। 

অন্যদিকে, নাভানা বাংলাদেশের ৮-১০ শতাংশ কুপন রেটে ১৫০ কোটি টাকা অভিহিত মূল্যের বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের কাছে ইস্যু করা হবে। এ বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১ লাখ টাকা। বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে নাভানা ফার্মাসিউটিক্যালস ব্যাংক ঋণ পরিশোধ খাতে ব্যয় করবে।