এ উপলক্ষে গতকাল রাজধানীর পিএসটিসি ভবনে দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমীন। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও-বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (সচিব) ড. মোহাম্মদ জাকারিয়া এবং সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শাহ মোহাম্মদ মাহ্বুব। পিএসটিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেন, ‘পিএসটিসির এ বছরের প্রতিপাদ্য অত্যন্ত সময়োপযোগী, যা মানুষের জীবনমান উন্নয়ন, অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ নির্মাণের অঙ্গীকারকে ধারণ করে।’ এ সময় তিনি জনস্বাস্থ্য, যৌন ও প্রজনন স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন, যুব নেতৃত্ব এবং প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে পিএসটিসির প্রায় পাঁচ দশকের অবদানের প্রশংসা করেন।
বিশেষ অতিথি ড. মোহাম্মদ জাকারিয়া বলেন, ‘৪৮ বছরের পথচলায় পিএসটিসি আজ দীর্ঘ অভিজ্ঞতা, আস্থা ও মানুষের কল্যাণে নিরবচ্ছিন্ন সেবার প্রতীক।’ তিনি ভবিষ্যতেও উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে নারী, শিশু, তরুণ, প্রবীণ, প্রতিবন্ধী ব্যক্তি এবং প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে আরো কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
পিএসটিসির কোষাধ্যক্ষ মো. বদরুল মুনীরের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন নির্বাহী পরিচালক ড. নূর মোহাম্মদ। সকাল ১০টায় বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে প্রতিষ্ঠানের অর্জন, চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটি প্রামাণ্য ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনের দ্বিতীয় পর্বে ‘অগ্রযাত্রার পথচলা’ শীর্ষক বিশেষ ওয়েবিনার অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন পিএসটিসির চেয়ারপারসন সানজিদা ইসলাম, ইন্টারন্যাশনাল প্ল্যানড প্যারেন্টহুড ফেডারেশন (আইপিপিএফ) দক্ষিণ এশিয়া অঞ্চলের মনীশ মিত্র, রেসইনট কানাডার ড. খালিদ হাসান এবং ন্যাশনাল ইয়ুথ নেটওয়ার্কের (নয়ন) সাবিক রহমান। ওয়েবিনারটি সঞ্চালনা করেন পিএসটিসির নির্বাহী পরিচালক ড. নূর মোহাম্মদ।










