যুক্তরাষ্ট্রের দুটি স্থানীয় ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার পর দেউলিয়ার দ্বারপ্রান্তে চলে আসে সুইজারল্যান্ডভিত্তিক বিশ্বের অন্যতম বৃহৎ ব্যাংক ক্রেডিট সুইস। আস্থার সংকটের মুখোমুখি হওয়ায় পর ১৬৭ বছরের পুরনো ব্যাংকটি কিনে নিতে সম্মত হয় দেশটির আরেক ব্যাংক ইউবিএস। তবে ক্রেডিট সুইসকে উদ্ধার করতে গিয়ে ইউবিএসের ১ হাজার ৭০০ কোটি ডলার পরিমাণ আর্থিক ক্ষতি হতে পারে। খবর রয়টার্স।
সম্প্রতি একটি নিয়ন্ত্রক সভায় ইউএসবি পক্ষ থেকে বলা হয়, এটি তাদের সুইস প্রতিদ্বন্দ্বীকে উদ্ধারের প্রস্তুতি নিচ্ছে। তবে সম্পদ ও দায়ের মূল্য সমন্বয় বাবদ ১ হাজার ৩০০ কোটি ডলার এবং সম্ভাব্য মামলা ও নিয়ন্ত্রক খরচের বিপরীতে ৪০০ কোটি ডলার পরিমাণ আর্থিক অভিঘাতের সম্মুখীন হতে পারে বলে অনুমান করছে।
যদিও অচিরেই ক্ষতি পুষিয়ে ওঠার প্রত্যাশা নিয়ে অগ্রসর হচ্ছে ইউবিএস। বিনিয়োগ ব্যাংকটি অনুমান করেছে, ক্রেডিট সুইস কিনে নেয়ার মাধ্যমে মুনাফা হতে পারে ৩ হাজার ৪৮০ কোটি ডলার পরিমাণ, যা ব্যাংকটির বুক ভ্যালুর তুলনায় বেশি।
আর্থিক সমর্থন সম্ভাব্য ক্ষতির মাত্রা প্রশমনে সাহায্য করবে বলে ধারণা করছেন ব্যাংকসংশ্লিষ্টরা। এছাড়া অধিগ্রহণ পরিকল্পনা অনুযায়ী ইউবিএস পরের মাসে লেনদেন বন্ধ করলে দ্বিতীয় প্রান্তিক থেকে মুনাফা তুলে নেয়ার সম্ভাবনাও রয়েছে। যদিও অনুমানগুলো প্রাথমিক বলেই জানানো হয়েছে ইউবিএসের পক্ষ থেকে। তাই উল্লিখিত লাভ-লোকসানের পরিমাণ বা সংখ্যা কম-বেশি হতে পারে। পরবর্তী সময়ে পুনর্গঠনের বিধান ঠিক করার কথাও উল্লেখ করা হয়েছে ব্যাংকটির পক্ষ থেকে।
বেসরকারি ব্যাংক ও বিনিয়োগ ব্যবস্থাপনা গ্রুপ ভন্টোবেলের বিশ্লেষক আন্দ্রেয়াস ভেন্ডিটি বলেন, ‘আর্থিক তথ্যের পুনর্গঠন বিধানে “অনুমান’’ অন্তর্ভুক্ত নয়, লেনদেন শেষ হওয়ার পরে খরচের হিসাব করা হয়। তাই লেনদেন চূড়ান্ত হয়ে গেলে পরবর্তী সময়ে আর্থিক বিবৃতিতে তা অন্তর্ভুক্ত করা হবে।’
যুক্তরাষ্ট্রের বহুজাতিক বিনিয়োগ ব্যাংক ও আর্থিক পরিষেবা প্রতিষ্ঠান জেফরিসের বিশ্লেষকরা অনুমান করেছেন, পুনর্গঠন ব্যয়, মামলাসংক্রান্ত বিষয় ও ব্যবসায়িক বিভাগের সম্প্রসারণ বাবদ মোট ২ হাজার ৮০০ কোটি ডলার খরচ হতে পারে। তবে অধিগ্রহণ চলাকালীন ক্রেডিট সুইসের ওপর ইউবিএস বেশকিছু বিধিনিষেধ প্রয়োগ করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ইউএসবির নথি অনুসারে, কিছু ক্ষেত্রে ক্রেডিট সুইস বিনিয়োগ গ্রেডের ঋণগ্রহীতাদের ১১ কোটি ৩০ লাখ ডলার বা ১০ কোটি সুইস ফ্রাংক এবং অ-বিনিয়োগ-গ্রেড ঋণগ্রহীতাদের ৫ কোটি সুইস ফ্রাংকের বেশি নতুন ক্রেডিট সুবিধা বা ক্রেডিট লাইন দিতে পারবে না।
হংকংভিত্তিক আর্থিক পরামর্শ প্রতিষ্ঠান কুইনলান অ্যান্ড অ্যাসোসিয়েটসের প্রধান নির্বাহী বেঞ্জামিন কুইনলান এ সম্পর্কে বলেন, ‘ক্রেডিট সুইস স্পষ্টতই এর ঝুঁকি নিয়ন্ত্রণ ত্রুটির কারণে সমস্যায় পড়েছিল। আমি মনে করি এটির অর্থ ধার দেয়ার ক্ষমতা বা মানসংক্রান্ত প্যারামিটার নির্ধারণ করা অযৌক্তিক নয়।’










