চলতি মৌসুমে প্রায় ৯১ শতাংশ গম ঘরে তুলেছে ইউক্রেন। এতে সব মিলিয়ে দেশটির মোট গমের পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ৭৪ লাখ টন। চলতি মৌসুমে দেশটির গম উৎপাদন হতে পারে সর্বোচ্চ ১ কোটি ৯৫ লাখ টন। গত মৌসুমে যেখানে ইউক্রেনের গম উৎপাদন হয়েছিল ৩ কোটি ৩০ লাখ টন। ইউক্রেনের শস্য সংস্থার (ইউজিএ) বরাতে এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।

যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের তথ্যমতে, চলতি মৌসুমে ৫২ লাখ হেক্টর জমিতে গম চাষ করেছে ইউক্রেন। এর আগের মৌসুমে যেখানে চাষ হয়েছিল ৭৪ লাখ হেক্টর।

চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হলে ইউক্রেনের শস্য রফতানি বাধাগ্রস্ত হয়। প্রায় পাঁচ মাস ইউক্রেনের কৃষ্ণসাগরের বন্দরগুলোর কার্যক্রম বন্ধ থাকার পর জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় দেশ দুটির মধ্যে বাণিজ্য চুক্তির ফলে আবারো রফতানি শুরু করেছে ইউক্রেন। চলতি মাসের ১-১৫ তারিখ পর্যন্ত ৫ লাখ ৬০ হাজার টনেরও বেশি খাদ্যশস্য রফতানি করেছে দেশটি।