ভারতের স্বর্ণের বাজারের সাম্প্রতিক সময়গুলো এক রকম উত্থান-পতনের মধ্য দিয়ে যাচ্ছে। এক সপ্তাহ ধরেই স্বর্ণের বাজারকে খুব একটা ঊর্ধ্বমুখী করতে পারছেন না বিনিয়োগকারীরা। এর বিপরীতে সামনের দিনগুলোতে মূল্যবান ধাতুটির দাম আরো কমতে পারে বলে শঙ্কা সংশ্লিষ্টদের। খবর রয়টার্স।
দেশটির পণ্য বিনিময় সংস্থা মাল্টি কমোডিটি এক্সচেঞ্জের (এমসিএক্স) মতে, গত শুক্রবার ভারতের বাজারে প্রতি ১০ গ্রাম স্বর্ণের ভবিষ্যৎ সরবরাহ মূল্য নির্ধারণ হয় ৪৫ হাজার ৮ রুপি। এক সপ্তাহের পরিসংখ্যানে স্বর্ণের দাম বাড়ে পায় প্রতি ১০ গ্রামে মাত্র ২৫০ রুপি। অন্যদিকে রুপার ভবিষ্যৎ সরবরাহ মূল্য নির্ধারণ করা হয় কেজিপ্রতি ৬৭ হাজার ৪৫৩ রুপি। স্বর্ণ ব্যবসায়ীরা বলছেন, চলতি সপ্তাহে দেশটিতে স্বর্ণের চাহিদা কমেছে।
গত বছরের আগস্টে ৫৬ হাজার ২০০ রুপি থেকে ভারতে স্বর্ণের দাম প্রতি ১০ গ্রামে কমেছে ১১ হাজার রুপি।
মার্কিন অর্থনীতির গতিশীল হয়ে ওঠার প্রভাব স্বর্ণের বাজারে পড়েছে বলে মনে করছে যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যাংক ও আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান ক্রেডিট সুইস। প্রতিষ্ঠানটির মতে, মার্কিন অর্থনীতিতে গতি ফেরা এবং একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ডলারের মূল্য পুনর্বৃদ্ধিতে স্বর্ণের বাজার কিছুটা ঝুঁকিতে রয়েছে।
এরই মধ্যে টিকাদান কর্মসূচির সফলতার ফলে ধীরে ধীরে লকডাউন কাটিয়ে আগের অবস্থায় ফিরতে যাচ্ছে বিশ্ব। সম্প্রতি বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি ত্বরান্ব্বিত হয়েছে উল্লেখ করে সংস্থাটি বলছে, এর মধ্য দিয়ে স্বর্ণের বাজারে কিছুটা ছন্দপতন হয়েছে।










