চট্টগ্রামের লালখান বাজারের ইস্পাহানি মোড়ে নবনির্মিত নয়তলা বাণিজ্যিক ভবন ইস্পাহানি সেন্টারে এবার যুক্ত হচ্ছে জাপানভিত্তিক ওয়াইকেকে গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ওয়াইকেকে বাংলাদেশ পিটিই লিমিটেডের সেলস অফিস। এ উপলক্ষে সম্প্রতি বন্দরনগরীর একটি হোটেলে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ইস্পাহানি গ্রুপের পরিচালক আলী ইস্পাহানি এবং ওয়াইকেকে বাংলাদেশ পিটিইর অ্যাডমিনিস্ট্রেটিভ কো-অর্ডিনেটর শিনোবু নাকায়ামা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ অংশীদারত্বের আওতায় প্রতিষ্ঠানটি ইস্পাহানি সেন্টারের পঞ্চম তলা থেকে তাদের কার্যক্রম পরিচালনা করবে। উল্লেখ্য, অফিস, রিটেইল ও ডাইনিং সুবিধার সমন্বয়ে পরিকল্পিত ইস্পাহানি সেন্টার চট্টগ্রামে সুপরিকল্পিত, বহুমুখী বাণিজ্যিক স্পেস উন্নয়নে ইস্পাহানি গ্রুপের ধারাবাহিক অঙ্গীকারের প্রতিফলন। —বিজ্ঞপ্তি