চলতি বছর ইন্দোনেশিয়ায় পাম অয়েল উৎপাদন বাড়ার পূর্বাভাস মিলেছে। মূলত অনুকূল আবহাওয়া ও প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠানগুলোয় ঊর্ধ্বমুখী চাহিদা এতে সহায়তা করছে। সম্প্রতি দেশটির পাম অয়েল অ্যাসোসিয়েশন (গাপকি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, এ বছর ইন্দোনেশিয়ায় ৪ কোটি ৮০ হাজার টন পাম অয়েল উৎপাদন হতে পারে। গত বছর উৎপাদন হয়েছিল ৪ কোটি ৬৯ লাখ টন। সে হিসেবে উৎপাদন ১১ লাখ টন বাড়বে।
এদিকে উৎপাদন বাড়লেও কমছে ইন্দোনেশিয়ান পাম অয়েলের রফতানি চাহিদা। চলতি বছর চাহিদা গত বছরের তুলনায় ১১ দশমিক ৫ শতাংশ কমে ২ কোটি ৯৮ লাখ টনে নামতে পারে। ফলে পণ্যটির মজুদ বেড়ে ৭০ লাখ টন বাড়তে পারে বলে জানিয়েছেন গাপকির নির্বাহী চেয়ারম্যান তোগার সিতাংগাং।
বিশ্বের শীর্ষ পাম অয়েল উৎপাদক ও রফতানিকারক দেশ ইন্দোনেশিয়া। অপরিশোধিত অবস্থায় এ ভোজ্যতেল রফতানি বন্ধের পরিকল্পনা হাতে নিয়েছে দেশটি। গত বছরের অক্টোবরে ইন্দোনেশিয়ান প্রেসিডেন্ট জোকো উইদোদো এ পরিকল্পনার কথা জানান।
পাম অয়েল ও খনিজসম্পদ সমৃদ্ধ দেশটি প্রক্রিয়াজাত শিল্পের উন্নয়নে মনোযোগ বাড়াচ্ছে। উন্নয়নের এ ধারাকে উৎসাহিত করতে কাঁচামাল রফতানিতে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।
জোকো উইদোদো বলেন, কোনো একসময় আমাদের অবশ্যই অপরিশোধিত পাম অয়েল রফতানি বন্ধ করতে হবে। পণ্যটি রফতানি করতে হবে প্রসাধনী, মাখন, বায়োডিজেলসহ অন্যান্য প্রক্রিয়াকরণের মাধ্যমে।
প্রেসিডেন্ট আরো বলেন, অপরিশোধিত পাম অয়েল রফতানি বন্ধ করলে বিশ্ব বাণিজ্য সংস্থাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মামলার ঝুঁকি রয়েছে। এর পরও আমাদের এ পরিকল্পনা বাস্তবায়নে এগিয়ে যেতে হবে। অপরিশোধিত পাম অয়েলের পাশাপাশি অপরিশোধিত বক্সাইট রফতানিও বন্ধের পরিকল্পনা রয়েছে ইন্দোনেশিয়ার।
২০২১ সালে অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়া অব্যাহত থাকায় ভোক্তা পর্যায়ে খাদ্যপণ্যের চাহিদা বেড়েছে কয়েক গুণ। কিন্তু সে তুলনায় সরবরাহ ছিল নিম্নমুখী। ফলে বছরের প্রথম দিকেই বাড়তে শুরু করে সব ধরনের খাদ্যপণ্যের দাম। শেষ দিকে এসে যা এক দশকের সর্বোচ্চ পর্যায় অতিক্রম করে। মূল্যবৃদ্ধির এ ঊর্ধ্বগতিতে জ্বালানি জুগিয়েছে পাম অয়েল। নানামুখী প্রতিবন্ধকতার কারণে পণ্যটির দাম বেড়েছে অস্বাভাবিক হারে। এদিকে চলতি বছরও আন্তর্জাতিক বাজারে পাম অয়েলের দাম বাড়তির দিকে থাকবে বলে আশঙ্কা তৈরি হয়েছে। সম্প্রতি এক প্রতিবেদনে এ আশঙ্কার কথা জানিয়েছে কাউন্সিল অব পাম অয়েল প্রডিউসিং কান্ট্রিজ (সিপিওপিসি)।










