ভারত ও থাইল্যান্ডে চালের রফতানি মূল্য কমেছে। অভ্যন্তরীণ মুদ্রার বিনিময় মূল্য হ্রাস এবং স্থানীয় সরবরাহে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দেয়ায় চালের বাজারে প্রভাব পড়েছে বলে জানান বিশ্লেষকরা। খবর বিজনেস রেকর্ডার।
ভারত বিশ্বের শীর্ষ চাল রফতানিকারক দেশ। ৩ ডিসেম্বর শেষ হওয়া সপ্তাহে দেশটির প্রতি টন রফতানিযোগ্য ৫ শতাংশ ভাঙা সেদ্ধ চালের দাম স্থির হয়েছে ৩৫৩-৫৮ ডলারে। আগের সপ্তাহে দাম ছিল ৩৫৪-৬০ ডলার।
ভারতের চাল রফতানিকারকরা জানান, এ বছর গ্রীষ্মকালীন আবাদ ভালো হয়েছে। এ কারণে স্থানীয় সরবরাহ বেড়েছে। ফলে চালের রফতানি মূল্য স্থিতিশীল হয়ে উঠছে। তবে চলতি সপ্তাহে বৃষ্টিপাতের কারণে দেশটির পূর্বাঞ্চলের কিছু রাজ্যে চাল প্রক্রিয়াকরণ ব্যাহত হতে পারে।
থাইল্যান্ডে প্রতি টন ৫ শতাংশ ভাঙা সেদ্ধ চালের দাম কমে ৩৮০-৯৭ ডলারে স্থির হয়েছে। আগের সপ্তাহে প্রতি টন চাল ৩৯০-৪০৩ ডলারে রফতানি করা হয়েছে। ব্যাংককভিত্তিক ব্যবসায়ীরা জানান, এক সপ্তাহ আগে মার্কিন ডলারের বিপরীতে থাইল্যান্ডের মুদ্রার বিনিময় মূল্য ১ দশমিক ৫ শতাংশ কমেছে। বিষয়টি চালের রফতানি মূল্য হ্রাসে সহায়তা করেছে। এদিকে ভিয়েতনামের চাল রফতানি মূল্যও কিছুটা কমেছে।










