দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে বাড়তির দিকে রয়েছে আমদানি করা কাঁচামরিচের দাম। এ ধারাবাহিকতায় গতকাল ভারত থেকে আমদানি করা প্রতি কেজি কাঁচামরিচের দাম উঠেছে ১৫০ টাকা।
গতকাল হিলির পাইকারি আড়তগুলো ঘুরে ভারত থেকে আমদানি করা প্রতি কেজি কাঁচামরিচ মানভেদে ১৪০-১৫০ টাকায় বিক্রি হতে দেখা যায়। পাঁচদিন আগেও পাইকারি পর্যায়ে প্রতি কেজি কাঁচামরিচ ১১০-১২০ টাকায় বিক্রি হয়েছিল। সেই হিসাবে পাঁচদিনের ব্যবধানে হিলির পাইকারি বাজারে আমদানি করা কাঁচামরিচের দাম কেজিতে ৩০ টাকা বেড়েছে।
স্থানীয় আমদানিকারক আনোয়ার হোসেন বণিক বার্তাকে বলেন, ভারতের কৃষিপ্রধান অঞ্চলগুলোয় বৃষ্টিপাত বেশি হওয়ায় কাঁচামরিচ রফতানিতে বিঘ্ন তৈরি হয়েছে। বাড়তি দামে পণ্যটি আমদানি করতে হচ্ছে। এতে দেশীয় আমদানিকারকরা কাঁচামরিচ আমদানি কমিয়ে দিয়েছেন। মূলত এ কারণে হিলিতে পণ্যটির দাম বাড়ছে।
আগে এ স্থলবন্দর দিয়ে ভারত থেকে প্রতিদিন ৭০-১০০ টন কাঁচামরিচ আমদানি হলেও মঙ্গলবার তা ১১টি ট্রাকে সাকল্যে ৩৬ টনে নেমে এসেছে।










