বিশ্ববাজারে গতকাল তামার দাম কমেছে। গত সাড়ে তিন মাসে সর্বনিম্নে নেমেছে ধাতুটির দাম। বিশ্বে ধাতবপণ্যের শীর্ষ ব্যবহারকারী দেশ চীনে নিম্নমুখী চাহিদায় আন্তর্জাতিক বাজারে তামার দাম কমেছে। খবর বিজনেস রেকর্ডার।
লন্ডন মেটাল এক্সচেঞ্জে গতকাল তামার দাম তিন মাসের সরবরাহ চুক্তিতে আগের দিনের তুলনায় দশমিক ১ শতাংশ কমেছে। টনপ্রতি মূল্য নেমেছে ৯ হাজার ১৬১ ডলার, যা গত ৩ এপ্রিলের পর সর্বনিম্ন। অন্যদিকে সাংহাই ফিউচার এক্সচেঞ্জে সেপ্টেম্বরের সরবরাহ চুক্তিতে তামার দাম আগের দিনের তুলনায় দশমিক ৫ শতাংশ কমেছে। টনপ্রতি মূল্য স্থির হয়েছে ৭৪ হাজার ৯৫০ ইউয়ান (১০ হাজার ৩০২ ডলার ৫৫ সেন্ট)।
এলএমইতে সিসার দাম দশমিক ৩ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য পৌঁছেছে ২ হাজার ৬৬ ডলারে। দস্তার দাম দশমিক ৫ শতাংশ বেড়ে ২ হাজার ৭০২ ডলারে দাঁড়িয়েছে। টিনের দাম ২ দশমিক ৩ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য পৌঁছেছে ৩০ হাজার ১০৫ ডলারে। নিকেলের দাম দশমিক ২ শতাংশ বেড়ে টনপ্রতি ১৬ হাজার ৬০ ডলার হয়েছে।










