২০১৮ সালের ধারাবাহিকতায় গত বছরও আর্জেন্টিনায় ভুট্টা মজুদে প্রবৃদ্ধির ধারা বজায় থাকতে দেখা গেছে। এ সময় দেশটিতে কৃষিপণ্যটির সমাপনী মজুদ আগের বছরের তুলনায় ৪১ শতাংশের বেশি বেড়ে ৫১ লাখ টন ছাড়িয়ে গেছে। খবর এগ্রিমানি।

মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ সালে আর্জেন্টিনার ইতিহাসে ভুট্টার সমাপনী মজুদ সর্বোচ্চে পৌঁছেছিল। ওই বছর দেশটিতে কৃষিপণ্যটির মজুদ দাঁড়ায় ৫২ লাখ ৭৩ হাজার টনে। পরের বছর ভুট্টার সমাপনী মজুদ ৫৪ দশমিক ৩৫ শতাংশ কমে ২৪ লাখ ৭ হাজার টনে নেমে আসে।

তবে ২০১৮ সালে এসে ফের প্রবৃদ্ধির ধারায় ফেরে আর্জেন্টিনার ভুট্টা মজুদ। ওই বছর দেশটিতে কৃষিপণ্যটির সমাপনী মজুদ দাঁড়ায় ৩৬ লাখ ১২ হাজার টনে, যা আগের বছরের তুলনায় ৫০ শতাংশ বেশি।

ইউএসডিএর তথ্য অনুযায়ী, প্রবৃদ্ধির ধারাবাহিকতায় গত বছর শেষে আর্জেন্টিনায় ভুট্টার সমাপনী মজুদ দাঁড়িয়েছে ৫১ লাখ ১৭ হাজার টনে, যা আগের বছরের তুলনায় ৪১ দশমিক ৬৭ শতাংশ বেশি।