সম্প্রতি আয়োজিত এ অনুষ্ঠানে আইসিএবি সদস্যদের সন্তান ও বর্তমান শিক্ষার্থীসহ মোট ৩৩৭ জন অংশগ্রহণ করেন। এ সময় তিলাওয়াত, হামদ-নাত, ইসলামিক সাংস্কৃতিক পরিবেশনা, রমজানভিত্তিক কুইজ ও বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আইসিএবি গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ইসলামিক বক্তা শাইখ আহমাদুল্লাহ। তিনি রমজানের মূল শিক্ষা—সংযম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধকে ছোটদের মাঝে লালন করার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি এ ধরনের আয়োজন শিশুদের সৎ চরিত্র গঠনে সহায়ক ভূমিকা রাখবে ও জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে বলেও জানান।
স্বাগত বক্তব্যে ডিআরসির চেয়ারম্যান মাহমুদুর রহমান জানান, তরুণ প্রজন্মকে কেন্দ্র করে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখবে ডিআরসি-আইসিএবি।
আইসিএবি প্রেসিডেন্ট এনকেএ মবিন এ আয়োজনের প্রশংসা করে বলেন, ‘এটি সদস্য ও তাদের পরিবারের সঙ্গে সাংগঠনিক সংযোগকে আরো সুদৃঢ় করছে।’ এ সময় আরো উপস্থিত ছিলেন আইসিএবির ভাইস প্রেসিডেন্ট মো. রোকনুজ্জামান, মো. মনিরুজ্জামান ও সুরাইয়া জান্নাত। অনুষ্ঠান শেষে বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট এবং পুরস্কার বিতরণ করা হয়।










