শূন্য কার্বন নিঃসরণ লক্ষ্যমাত্রা পূরণের পথে একধাপ এগিয়ে গেল দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান এলজি গ্রুপ। ২০৫০ সালের মধ্যে লক্ষ্যমাত্রা পূরণে একটি পরিকল্পনা প্রণয়ন ও কৌশল প্রকাশ করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার বড় কনগ্লোমারেটগুলোর মধ্যে এলজিই প্রথম এ ধরনের কোনো পদক্ষেপ নিল।
এলজির অধিভুক্ত সাতটি প্রতিষ্ঠান এ পরিকল্পনায় সই করেছে। এগুলো হলো এলজি ইলেকট্রনিকস, এলজি ডিসপ্লে, এলজি ইনোটেক, এলজি চেম, এলজি এনার্জি সলিউশন, এলজি হাউজহোল্ড, এলজি হেলথকেয়ার ও এলজি ইউপ্লাস।
এলজি জানিয়েছে, জিএইচজি প্রটোকলের করপোরেট মান অনুসরণ করে কার্বন নিঃসরণ কমানোর পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। যেখানে কোম্পানিগুলোর গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ কমানোর বিষয়ে রূপরেখা দেয়া আছে। সে রূপরেখা অনুযায়ী, স্কোপ ১ বলতে একটি সংস্থার মালিকানাধীন বা নিয়ন্ত্রিত উৎসের সরাসরি নিঃসরণকে বোঝায়। স্কোপ ২ বলতে সেই পরোক্ষ নিঃসরণকে বোঝায় যেটি ক্রয় করা বিদ্যুৎ থেকে আসে। সবশেষ স্কোপ ৩ হলো স্কোপ ২ বাদে অন্য সব পরোক্ষ নিঃসরণ, যা একটি কোম্পানির আবশ্যিক কাজের কারণে নির্গত হয়।
প্রতিশ্রুতিতে এলজি বলেছে, ২০৩০ সাল নাগাদ স্কোপ ১ ও ২-এর নিঃসরণ ২৭ শতাংশ কমিয়ে আনা হবে। এরপর ২০৪০ সাল নাগাদ ৬২ শতাংশ এবং ২০৫০ সাল নাগাদ শতভাগ কমানো হবে।










