চীনের বাজারে চাহিদা বৃদ্ধির সম্ভাবনায় বিশ্ববাজারে বেড়েছে তামার দাম। চীনের সুদহার হ্রাস ও শ্লথগতির আশঙ্কার মধ্যে তামার চাহিদা বৃদ্ধির খবরটি শিল্প খাতের জন্য আশাব্যঞ্জক হিসেবে দেখা দিয়েছে।
নিউইয়র্কের কমেক্স বাজারে সেপ্টেম্বরে সরবরাহ হতে যাওয়া তামার দাম ২ দশমিক ২ শতাংশ বেড়েছে। এতে পাউন্ডপ্রতি তামার দাম ৩ দশমিক ৬৬ ডলার ও টনপ্রতি দাম ৮ হাজার ৫২ ডলারে দাঁড়িয়েছে। বিশ্লেষক রবিন ভারের পূর্বাভাস, বছর শেষে তামার দাম ৭ হাজার ৫০০ ডলারে ঠেকতে পারে।
এএনজেডের বিশ্লেষকরা বলেছেন, চীনের অবকাঠামোগত ব্যয় বৃদ্ধি এবং সম্পত্তি খাতে তামা ধাতু সাহায্য করবে।
এদিকে জুলাইয়ে চীনে ৭ লাখ ৯০ হাজার টন তামা উৎপাদন হয়েছে। আগের মাসে উৎপাদনের পরিমাণ ছিল ৭ লাখ ৭৭ হাজার টন। সে হিসেবে উৎপাদন বেড়েছে ১ দশমিক ৭ শতাংশ। এছাড়া গত সাত মাসে চীনে সব মিলিয়ে ৫৪ লাখ ১০ হাজার টন তামা উৎপাদন হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় উৎপাদন বেড়েছে ৩ শতাংশ। চীনের রাষ্ট্রায়ত্ত গবেষণা প্রতিষ্ঠান অ্যানটেইক এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।










