জীবনযাপন ব্যয় বেড়ে যাওয়ার পাশাপাশি ডলারের বিপরীতে রুপির রেকর্ড অবমূল্যায়নের কারণে দেশজুড়ে ধর্মঘট পালন করেছে পাকিস্তানের ব্যবসায়ীরা। ধর্মঘটটির ডাক দেয় ধর্মীয় রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর প্রধান ও সাবেক সিনেটর সিরাজুল হক। খবর এপি। 

ধর্মঘটের কারণে দেশটির বাণিজ্যিক ও অর্থনৈতিক কেন্দ্র করাচি প্রায় সম্পূর্ণ বন্ধ ছিল। সব বাজার ও শপিং সেন্টার বন্ধ থাকায় রাস্তায় যানবাহন চলাচল কম ছিল।

ফাহাদ আহমেদ নামে করাচির এক ব্যবসায়ী জানান, আমাদের বার্তা শাসকশ্রেণীর কাছে পৌঁছানোর জন্য প্রতিবাদের অংশ হিসেবে দোকানপাট বন্ধ রেখেছি। যদি তারা আমাদের সমস্যাগুলো বিবেচনা না করে, তাহলে আমরা আরো কৌশল অবলম্বন করব।’

পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরের পূর্বাঞ্চলীয় শহরটিতে, সব প্রধান বাজার দিনের বেলা বন্ধ ছিল। আইনজীবীরা আদালতের বাইরে ছিলেন।এছাড়া আন্তঃনগর ও স্থানীয় গণপরিবহন চালু ছিল না। উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ার এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটা আংশিকভাবে বন্ধ ছিল।