নেপালের সঙ্গে প্রাকৃতিক রাবার বাণিজ্যের আনুষ্ঠানিক শুরু করেছে ত্রিপুরা। অতি সম্প্রতি পূর্ব-নেপালে প্রথম চালান পাঠানোর মধ্য দিয়ে দুই দেশের আন্তর্জাতিক বাণিজ্যে একটি নতুন মাত্রা যুক্ত হয়। খবর ইউএনআই।

সাদামাটা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দুই দেশের এ  সম্পর্কের যাত্রা হয়। এ সময় ভারতের রাবার বোর্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং দেশটির শিল্প ও বাণিজ্য বিভাগের মহাপরিচালক ড. পিকে গোয়েল এর উদ্বোধন করেন। ভারতের রাবার বোর্ডের নিয়ন্ত্রণাধীন সংস্থা মণিমালয়া রাবার প্রাইভেট লিমিটেডের সঙ্গে নেপালের বিহার সীমান্তে অবস্থিত বিরাটনগরভিত্তিক বেসরকারি সংস্থার সঙ্গে এ বাণিজ্যের প্রথম চালান পাঠায় ত্রিপুরা।

এর আগে ভিয়েতনাম ও মালয়েশিয়া থেকে রাবার আমদানি করত নেপাল। রাবার বোর্ডের দাবি, দুই দশক ধরে কেরালার পরই সর্বোচ্চ গুণগত মানের রাবার উৎপাদন করে আসছে ত্রিপুরা। অনুকূল আবহাওয়া ও রাবার বোর্ডের পৃষ্ঠপোষকতায় এ শিল্পে বড় ধরনের সফলতা আসে ত্রিপুরায়। যা এ অঞ্চলের গ্রামীণ অর্থনীতির চাকা সচল করে।