মার্চে জার্মানির শিল্পোৎপাদন প্রত্যাশার তুলনায় বেশ কমেছে। বিশেষ করে গাড়ি উৎপাদন খাত দুর্বল হয়ে পড়ায় এমন চিত্র দেখা গেছে। এছাড়া ইউরোপের সবচেয়ে বড় এ অর্থনীতিতে পুনরায় মন্দার ঝুঁকি দেখা দেয়াও শিল্পোৎপাদন কমে যাওয়ার অন্যতম কারণ।
বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত খবরের তথ্যানুযায়ী, এপ্রিলে দেশটিতে উৎপাদন ৩ দশমিক ৪ শতাংশ কমেছে। ফেব্রুয়ারিতে যেখানে সংখ্যাটা হালকা বেড়ে ২ দশমিক ১ শতাংশে উঠেছিল। ফেডারেল স্ট্যাটিসটিক্যাল অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। রয়টার্সের এক জরিপ বলছে, বিশেষজ্ঞরা ১ দশমিক ৩ শতাংশ পতনের ইঙ্গিত দিয়েছেন।
দেশটির অর্থ মন্ত্রণালয় জানায়, বছরের শুরুতে শিল্পকারখানার উৎপাদন বেশি থাকলেও মার্চে তা উল্লেখযোগ্য হারে কমেছে। মোটর গাড়ি ও স্বয়ংক্রিয় যন্ত্রাংশের উৎপাদন কমে যায় ৬ দশমিক ৫ শতাংশ। মেশিনারি ও বিভিন্ন যন্ত্রপাতির উৎপাদন কমে যায় ৩ দশমিক ৪ শতাংশ। এছাড়া নির্মাণ খাতে উৎপাদন ৪ দশমিক ৬ শতাংশ কমেছে।
যদিও প্রথম প্রান্তিকে উৎপাদন ২০২২ সালের শেষ প্রান্তিকের তুলনায় ২ দশমিক ৫ শতাংশ বেশি ছিল বলে জানিয়েছে স্ট্যাটিসটিকস অফিস। মার্চে জার্মানির শিল্প খাতের ক্রয়াদেশ আগের মাসের তুলনায় কমে গেছে ১০ দশমিক ৭ শতাংশ। ২০২০ সালের পরে এবারই সবচেয়ে বড় আকারে মাসওয়ারি কমতি দেখা গেল।










