চীন আগস্টে রেকর্ড পরিমাণ কয়লা আমদানি করেছে। আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ৪ কোটি ৪৩ লাখ টনে। দেশটির শুল্ক বিভাগ এ তথ্য জানিয়েছে। ২০১৫ সালের পর এটিই সর্বোচ্চ আমদানি। কয়লাচালিত বিদ্যুৎ উৎপাদনের চাহিদা বেড়ে যাওয়ায় আমদানিতে এমন উল্লম্ফন দেখা দিয়েছে। খবর বিজনেস রেকর্ডার।
চীন বিশ্বের শীর্ষ কয়লা ব্যবহারকারী। জুলাইয়ের তুলনায় দেশটির আমদানি ১২ দশমিক ৯ শতাংশ বেড়েছে। গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ৫৩ শতাংশ। এর আগে ২০২০ সালের জানুয়ারিতে দেশটি রেকর্ড ৪ কোটি ৩৫ লাখ ৬০ হাজার টন কয়লা আমদানি করেছিল।
চীনের দক্ষিণাঞ্চলে কম বৃষ্টিপাতের কারণে জলবিদ্যুৎ উৎপাদন নিম্নমুখী হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে সেখানে বিদ্যুৎ খাতে তাপীয় কয়লার চাহিদা লক্ষণীয় মাত্রায় বেড়েছে। অন্যদিকে স্থানীয় উত্তোলন কমে যাওয়ায় আমদানি বেড়েছে।
এক মাসের ব্যবধানে চীনে কয়লা উত্তোলন ৬ দশমিক ৩ শতাংশ কমেছে। দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কয়লা খনিগুলোয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করায় উত্তোলনে নেতিবাচক প্রভাব পড়েছে।
এদিকে চলতি বছরের প্রথম আট মাসে চীনে কয়লা আমদানি হয়েছে ৩০ কোটি ৬০ লাখ টন। গত বছরের একই সময়ের তুলনায় আমদানি বেড়েছে ৮২ শতাংশ।
প্রসঙ্গত, ২০২২ সালে কয়লার বৈশ্বিক ব্যবহার বেড়ে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। চলতি বছরও ব্যবহার রেকর্ড উচ্চতায় অবস্থান করবে। যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোয় ব্যবহার কমলেও এশিয়ায় জ্বালানির ব্যবহার বাড়বে লক্ষণীয় মাত্রায়। বৈশ্বিক ব্যবহার বৃদ্ধিতে অঞ্চলটি প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করবে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) সম্প্রতি এক প্রতিবেদনে এ পূর্বাভাস দেয়।
কয়লা বাজারবিষয়ক ষান্মাসিক প্রতিবেদনটিতে আইইএ জানায়, ২০২২ সালে বিশ্বজুড়ে ৮৩০ কোটি টন কয়লা ব্যবহার হয়েছিল, যা ২০২১ সালের তুলনায় ৩ দশমিক ৩ শতাংশ বেশি। বিশ্বের ইতিহাসে কখনো এক বছরে এত বেশি কয়লা ব্যবহার হয়নি।
২০২৩ ও ২৪ সালে শিল্প খাতে জ্বালানিটির ব্যবহার ব্যাপক বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে কয়লাচালিত বিদ্যুৎ উৎপাদনে এর ব্যবহার কিছুটা কমার আশঙ্কা করছে আইইএ। সংস্থার প্রতিবেদনে বলা হয়, ভৌগোলিক অঞ্চলভেদে জ্বালানিটির ব্যবহারে বিস্তর বৈচিত্র্য পরিলক্ষিত হতে পারে।
২০২৩ সালে বিশ্বজুড়ে প্রতি চার টনে তিন টন কয়লাই ব্যবহার হবে চীন, ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোয়। ২০২২ সালে ইউরোপের দেশগুলোয় শিল্প খাতে কয়লার ব্যবহার ছিল তুলনামূলক কম। দেশটির কয়লাচালিত বিদ্যুৎ খাতেও ব্যবহার বেড়েছিল সাময়িকভাবে। ফলে ওই বছর অঞ্চলটিতে কয়লার চাহিদা ছিল যৎসামান্য।










