পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি এনভয় টেক্সটাইল লিমিটেডের পরিচালনা পর্ষদ বিশেষ সাধারণ সভা (ইজিএম) করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর (এমডি) ও ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) নিয়োগ দেয়ার জন্য আগামী বছরের ২৯ জানুয়ারি বেলা ১১টায় এ সভা আহ্বান করা হয়েছে। গতকাল স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুসারে, উচ্চ আদালতের আপিল বিভাগ থেকে কোম্পানিটি মঙ্গলবার এ বিষয়ে আদেশ পেয়েছে। ইজিএমের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৩ জানুয়ারি।
উল্লেখ্য, গত মার্চে হাইকোর্টের কোম্পানি বেঞ্চের পর্ববেক্ষণে কোম্পানি আইন ও শুল্ক আইন লঙ্ঘনের দায়ে আবদুস সালাম মুর্শেদীকে এনভয় টেক্সটাইলের এমডি পদে থাকার অযোগ্য বলে অভিহিত করা হয়েছিল। পরবর্তী সময়ে এ রায়ের বিরুদ্ধে তিনি আপিল করেন। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চ এ আপিল খারিজ করে দিয়ে হাইকোর্টের রায় বহাল রেখেছেন। ফলে সালাম মুর্শেদী কোম্পানিটির পরিচালক পদে থাকতে পারবেন না।
এনভয় টেক্সটাইলস লিমিটেডের পর্ষদ ২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে। মূলত কোম্পানির ভেঙে দেয়া পর্ষদ পুনর্গঠন হওয়ার পর আগের সব আর্থিক প্রতিবেদন গত ৯ মে অনুষ্ঠিত সভায় অনুমোদন করা হয়।










