বৈরী আবহাওয়ায় অস্ট্রেলিয়ায় ২০২৪-২৫ বিপণন মৌসুমে গম উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। শস্যটির আবাদ ও উৎপাদন—দুটোই কমবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের (এফএএস) পূর্বাভাস অনুযায়ী, এ মৌসুমে দেশটিতে ২ কোটি ৫৮ লাখ টন গম উৎপাদন হবে, যা গত ১০ বছরের গড় উৎপাদনের চেয়ে ৩ শতাংশ কম।

এফএএস আরো জানায়, গত মৌসুমে দেশটিতে ২ কোটি ৬০ লাখ টন গম উৎপাদন হয়েছিল। সে হিসাবেও উৎপাদন কম হবে। এর আগে ২০২২-২৩ মৌসুমে দেশটিতে রেকর্ড ৪ কোটি ৫ লাখ টন উৎপাদন হয়েছিল।

সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, ২০২৪-২৫ মৌসুমে অস্ট্রেলিয়ায় আগের মৌসুমের তুলনায় চার লাখ হেক্টর কম জমিতে গম আবাদ হবে। দেশটির বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার তারতম্যের কারণে আবাদ ব্যাহত হবে। চলতি বছরের প্রথম চার মাসে দেশটির পূর্বাঞ্চলে স্বাভাবিক গড়ের চেয়ে বেশি বৃষ্টি হয়েছে। তবে পশ্চিমাঞ্চলে শুষ্ক আবহাওয়া বিরাজ করছে।

অস্ট্রেলিয়া বিশ্বের শীর্ষ গম রফতানিকারক দেশগুলোর একটি। ২০২৪-২৫ মৌসুমে দেশটি ১ কোটি ৭৫ লাখ টন গম রফতানি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগের মৌসুমের তুলনায় রফতানি কমতে পারে ১৩ শতাংশ।