চীনে ধাতব পণ্যের দাম সম্প্রতি লাগামহীন হয়ে উঠেছে।
বাজারদরের এমন ঊর্ধ্বমুখী প্রবণতা বন্ধে দেশটি বিভিন্ন উদ্যোগ নিয়েছে।
এরই অংশ হিসেবে অ্যালুমিনিয়াম, তামা ও জিংকের দেশীয় মজুদ উন্মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে চীন।
খবর সিনহুয়া ও মার্কেট ওয়াচ।
মার্কেট ওয়াচের প্রতিবেদনে বলা হয়, চীনের অর্থনৈতিক নীতিনির্ধারক ও বাজার নিয়ন্ত্রকরা পণ্যের ঊর্ধ্বমুখী মূল্য নিয়ন্ত্রণে এরই মধ্যে একটি প্রতিনিধি দল গঠন করেছে।
ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশনের অধীনে প্রতিনিধি দলটি কাজ করবে।
ঊর্ধ্বমুখী মূল্যের লাগাম টেনে ধরতে বর্তমানে বাজার পর্যবেক্ষণ করছে দলটি।
এদিকে বাজার নিয়ন্ত্রণে চীনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেশীয় মজুদ থেকে অ্যালুমিনিয়াম, তামা ও জিংক বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। আগামী মাসের শুরুতে দেশটি ৫০ হাজার টন অ্যালুমিনিয়াম, ৩০ হাজার টন জিংক ও ২০ হাজার টন তামা নিলামে বিক্রি করবে।
ন্যাশনাল ফুড অ্যান্ড স্ট্র্যাটেজিক অ্যাডমিনিস্টেশন জানায়, আগামী ৫ জুলাই অনলাইনে অ্যালুমিনিয়ামের প্রথম ধাপের নিলাম অনুষ্ঠিত হবে।
ধাতুটির উৎপাদক ও প্রক্রিয়াকরণ কোম্পানিগুলো এতে অংশ নিতে পারবে।
উৎপাদন বৃদ্ধিতে উৎসাহ জোগাতেই মূলত এসব অ্যালুমিনিয়াম বিক্রি করা হবে।
ফলে এগুলো পুনরায় বিক্রি বা মজুদ না করার শর্ত জুড়ে দেয়া হয়েছে।










