আশির দশকের পর থেকে সর্বোচ্চ মূল্যস্ফীতি পরিস্থিতি মোকাবেলা করছে রেস্তোরাঁসহ যুক্তরাজ্যের খাবারের দোকানগুলো। এ অবস্থায় দেখা যাচ্ছে, ২০২০ সালেই কফি, স্ন্যাকসের মতো জনপ্রিয় সব খাবারের দাম বেড়েছে ২৬ শতাংশ। রেস্তোরাঁ কর্মকর্তারা উচ্চ ব্যবসায়িক খরচের সঙ্গে রীতিমতো লড়াই করছেন। অনেকেই ব্যবসা বন্ধ হওয়ার শঙ্কা প্রকাশ করছেন। খবর দ্য গার্ডিয়ান।
প্রায় ৭৪০টি কোম্পানির প্রতিনিধিত্ব করে ইউকে হসপিটালিটি। গার্ডিয়ানের বরাত দিয়ে সংস্থাটি জানায় যে, রেস্তোরাঁগুলোর মোট ব্যয়ের প্রায় ১৮ শতাংশ মূল্যস্ফীতির সঙ্গে যুক্ত। যার মানে ভোক্তারা তাদের জনপ্রিয় খাবারগুলো বেশি দাম দিয়ে কিনছে।
হাই-স্ট্রিট চেইনগুলোর মেন্যু মূল্য পর্যবেক্ষণ করে দেখা যায়, ২০২০ সালের অক্টোবর থেকে নান্দোস চিকেন রেস্তোরাঁয় অর্ধেক মুরগির দাম ৬ দশমিক ৭৫ পাউন্ড থেকে ৮ দশমিক ৫০ পাউন্ড (২৬ শতাংশ বৃদ্ধি), ১০টি
মুরগির ডানা এখন ৯ দশমিক ৬০ পাউন্ডের পরিবর্তে ১১ দশমিক ৭৫ পাউন্ড (২২ শতাংশ বৃদ্ধি) এবং একটি চকো-এ-লট কেক ডেজার্টের দাম ৪ দশমিক ১৫ থেকে ৪ দশমিক ৭৫ পাউন্ড (১৪ শতাংশ বৃদ্ধি) বেড়েছে।
সেন্ট্রাল লন্ডনে অবস্থিত ইতালিয়ান রেস্তোরাঁ জিজিতে একই সময়ের মধ্যে একটি স্প্যাগেটি চোরিজো কার্বোনারা খাবারের দাম ১১ দশমিক ৭০ পাউন্ড থেকে বেড়ে হয়েছে ১৪ দশমিক ২৫ পাউন্ড। অর্থাৎ আগের তুলনায় দাম ২২ শতাংশ পর্যন্ত বেড়েছে। একটি চিকেন ও প্রসিউটো সালাদ ১২ দশমিক ২৫ পাউন্ড থেকে ১৪ দশমিক ৫০ পাউন্ড (১৮ শতাংশ বৃদ্ধি) এবং মিষ্টি আলু ভাজার (পটেটো ফ্রাই) দাম ৩ দশমিক ৯০ থেকে বেড়ে হয়েছে ৪ দশমিক ২৫ পাউন্ড। অর্থাৎ দাম বেড়েছে ৯ শতাংশ পর্যন্ত।
একই সময়ের মধ্যে প্রায় ২৫টি বড় গ্রিক রেস্তোরাঁ চেইনে হলউমি ফ্রাইয়ের দাম ৫ দশমিক ৯৫ থেকে ৬ দশমিক ৯৫ পাউন্ড হয়, যা প্রায় ১৭ শতাংশ বেশি। জনপ্রিয় সৌভলাকি র্যাপের দাম বেড়েছে ১৬ শতাংশ। আগে যেখানে খাবারটি কিনতে ৬ দশমিক ৪৫ পাউন্ড খরচ হতো, বর্তমানে তা বেড়ে হয়েছে ৭ দশমিক ৫০ পাউন্ড।
চলতি বছরের শুরুতে উশিমা কফি কোম্পানি কর্তৃক একটি বিশ্লেষণে দেখা যায়, ২০২১ সালের আগস্ট ও ২০২২ সালের জুলাইয়ের মধ্যে জনপ্রিয় সব কফির দাম বেড়েছে ২২ শতাংশ করে। একটি ছোট স্টারবাকস এসপ্রেসোর দাম ১ দশমিক ৮০ পাউন্ড থেকে বেড়ে হয়েছে ২ দশমিক ২০ শতাংশ (২২ শতাংশ বৃদ্ধি)। প্রিট আ ম্যাঞ্জার মিডিয়াম ক্যাপুচিনোর দাম ২ দশমিক ৭৫ থেকে বেড়ে হয়েছে ৩ দশমিক শূন্য ৫ পাউন্ড (১১ বৃদ্ধি)।
গত জুলাইয়ে জনপ্রিয় ফুড চেইন কোম্পানি ম্যাকডোনাল্ড’স ঘোষণা করে, তারা তাদের চিজবার্গারের দাম ৯৯ পেনি থেকে বাড়িয়ে ১ দশমিক ১৯ পাউন্ড করেছে। অর্থাৎ আগের তুলনায় দাম বেড়েছে ২০ শতাংশ। কোম্পানিটির পক্ষ থেকে বলা হয়েছে, ১৪ বছরের মধ্যে প্রথমবারের মতো দাম বাড়িয়েছে তারা।










