পুঁজিবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড সম্পদ পুনর্মূল্যায়ন ও সম্পদের ক্ষয় পরীক্ষা চালানোর সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, সম্পদ পুনর্মূল্যায়নের দায়িত্ব দেয়া হয়েছে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্স প্রতিষ্ঠান আশরাফ উদ্দিন অ্যান্ড কোম্পানিকে। প্রতিষ্ঠানটি এ-সংক্রান্ত যে প্রতিবেদন জমা দেবে, তা লিগ্যাসি ফুটওয়্যারের সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হবে।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৯০ পয়সা। এর আগের হিসাব বছরের একই সময়ে যেখানে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৬ পয়সা। আর সর্বশেষ তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৩ পয়সা। এর আগের হিসাব বছরের একই সময়ে এ লোকসান ছিল ৫ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮ টাকা ৯৩ পয়সায়।

৩০ জুন সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশের সুপারিশ করেনি কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৮৬ পয়সা। এর আগের হিসাব বছরে যেখানে শেয়ারপ্রতি আয় হয়েছিল ৩৯ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৯ টাকা ৮৩ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ১০ টাকা ৮৩ পয়সায়।

সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। এর আগের হিসাব বছর লভ্যাংশবঞ্চিত হয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা। সমাপ্ত ২০১৮-১৯ হিসাব বছরের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। 

গত এক বছরে কোম্পানিটির শেয়ারের সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ৩৯ ও ১৪০ টাকা।