দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাইকারিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৭ টাকা করে। আমদানীকৃত পেঁয়াজের গুণগত মান খারাপ হওয়ার কারণেই বাজারদর নিম্নমুখী হয়ে উঠেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
বাজার ঘুরে জানা গিয়েছে, কয়েকদিন আগেও যে পেঁয়াজ কেজিপ্রতি ২৫-২৬ টাকা দরে বিক্রি হয়েছে, তা বর্তমানে কমে ১৮-১৯ টাকা দরে বিক্রি হচ্ছে। হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী ইসমাইল হোসেন বলেন, দেশের বাজারে পেঁয়াজের চাহিদা মেটাতে বন্দর দিয়ে আমদানি অব্যাহত আছে। তবে কয়েকদিন ধরে প্রচণ্ড গরমের কারণে আমদানীকৃত পেঁয়াজ নষ্ট হয়ে যাচ্ছে। এছাড়া কিছুদিনের মধ্যেই ভারতের দক্ষিণাঞ্চলে নতুন জাতের পেঁয়াজ উঠতে শুরু করবে। এর আগেই পুরনো পেঁয়াজ শেষ করতে হবে। এজন্য ইন্দোর জাতের পেঁয়াজ কম দামেই ছেড়ে দিচ্ছেন দেশটির কৃষকরা।









